
কুমিল্লার মুরাদনগর উপজেলার নবীপুর পশ্চিম ইউনিয়নের কুলুবাড়ীতে ‘তরুণ সমাজ সামাজিক সংগঠন’-এর উদ্যোগে এক মিলনমেলা ও নৈশভোজ অনুষ্ঠিত হয়েছে। এতে সংগঠনের সদস্যদের পাশাপাশি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বলেন, সমাজের উন্নয়ন ও কল্যাণমূলক কাজে তরুণদের ঐক্যবদ্ধ ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কুলুবাড়ী তরুণ সমাজ দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে, যা স্থানীয়ভাবে প্রশংসিত হয়েছে।
প্রধান অতিথির বক্তব্যে সংগঠনের উপদেষ্টা ও কোম্পানীগঞ্জ গ্রামীণ জুয়েলার্সের কর্ণধার চন্দন বনিক বলেন, তরুণরাই সমাজ পরিবর্তনের মূল চালিকাশক্তি। সঠিক নেতৃত্ব ও ইতিবাচক উদ্যোগের মাধ্যমে একটি সুন্দর ও মানবিক সমাজ গড়ে তোলা সম্ভব। তিনি সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতার আশ্বাসও দেন।
মিলনমেলায় সংগঠনের সদস্যদের মধ্যে মতবিনিময়, ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা এবং পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধির নানা কার্যক্রম অনুষ্ঠিত হয়। পরে অংশগ্রহণকারীদের জন্য নৈশভোজের আয়োজন করা হয়।
আয়োজকরা জানান, এ ধরনের আয়োজন সদস্যদের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও সামাজিক দায়বদ্ধতা আরও দৃঢ় করে। ভবিষ্যতে সংগঠনটি আরও বিস্তৃত ও কার্যকর সামাজিক কর্মকাণ্ড পরিচালনার প্রত্যয় ব্যক্ত করেছে।
আপনার মতামত লিখুন :