কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুন ১৩, ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ণ
কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১৩ জুন) সকাল পৌনে ১০টায় তাকে বহনকারী বিমান কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করে। দিনব্যাপী নানা উন্নয়নমূলক কর্মসূচি, ভিত্তিপ্রস্তর স্থাপন, জনসভা এবং সুধী সমাবেশে অংশ নিতে তার এই সফর।

এর আগে সকাল পৌনে ৯টায় রাজধানীর গুলশানের বাসভবন থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী। তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করে জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান বিমানযোগে কক্সবাজারের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। এ সময় তার সঙ্গে ছিলেন ডা. জুবাইদা রহমান।

তিনি জানান, কক্সবাজার সফরে প্রধানমন্ত্রী বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ উন্নয়ন কর্মকাণ্ডের উদ্বোধন ও পরিদর্শন করবেন। সফর শেষে রাতেই তার ঢাকায় ফেরার কথা রয়েছে।

কক্সবাজারে পৌঁছে সকাল সাড়ে ১০টায় পিএমখালী ইউনিয়নের পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু করবেন প্রধানমন্ত্রী। জলাবদ্ধতা নিরসন, কৃষি ও পরিবেশ সংরক্ষণে খাল পুনঃখনন প্রকল্পটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

দিনের কর্মসূচি অনুযায়ী, বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। পাশাপাশি কক্সবাজারবাসীর দীর্ঘদিনের প্রত্যাশিত পেকুয়া পৌরসভা এবং মাতামুহুরী নতুন উপজেলার ভিত্তিপ্রস্তরও স্থাপন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এ ছাড়া কক্সবাজারের অন্যতম দর্শনীয় মেরিন ড্রাইভ সড়ক পরিদর্শন করবেন তিনি। সংশ্লিষ্ট প্রকল্পগুলোর অগ্রগতি ও সম্ভাবনা নিয়ে স্থানীয় প্রশাসন এবং দায়িত্বশীল কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়েরও কথা রয়েছে।

বিকেলে চকরিয়া বাস টার্মিনাল এলাকায় স্থানীয় বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী। সেখানে সরকারের উন্নয়ন পরিকল্পনা, স্থানীয় অবকাঠামো উন্নয়ন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরবেন বলে জানা গেছে। পরে সন্ধ্যায় একটি সুধী সমাবেশে অংশ নিয়ে বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি।

প্রধানমন্ত্রীর এ সফরকে ঘিরে কক্সবাজার জেলায় ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।