হাইস গাড়িতে বিশেষ চেম্বার বানিয়ে মাদক পরিবহন, অবশেষে ডিবির হাতে আটক


মামুন: প্রকাশের সময় : জুন ১৩, ২০২৬, ৬:১৬ অপরাহ্ণ
হাইস গাড়িতে বিশেষ চেম্বার বানিয়ে মাদক পরিবহন, অবশেষে ডিবির হাতে আটক

ঢাকার সাভারের আমিনবাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৪০ কেজি গাঁজাসহ তিনজন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি হাইস মাইক্রোবাস জব্দ করা হয়।

শনিবার (১৩ জুন) দিবাগত রাত আনুমানিক ২টা ১৫ মিনিটে এ অভিযান পরিচালনা করা হয়। পরে একই দিন দুপুরে প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের অফিসার ইনচার্জ সাইদুল ইসলাম।

গ্রেপ্তাররা হলেন ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার দরুইন এলাকার রাজিব মিয়া ওরফে রাজু (২৩), কসবা উপজেলার গুপিনাথপুর এলাকার রাকিব মিয়া (২২) এবং একই উপজেলার জেঠুয়ামুড়া এলাকার জুয়েল মিয়া (৩২)।

ডিবি পুলিশ জানায়, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে মাইক্রোবাসে বিশেষ চেম্বার তৈরি করে কৌশলে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে মাদক পরিবহন করে আসছিল। অভিযানে গাড়ির গোপন অংশ থেকে ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়, যার বাজারমূল্য প্রায় ১২ লাখ টাকা।

এছাড়া জব্দকৃত সিলভার রঙের হাইস মাইক্রোবাসটির (ঢাকা মেট্রো-চ ১৪-১০২৪) আনুমানিক মূল্য ২২ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।

ডিবি পুলিশের ওসি সাইদুল ইসলাম জানান, গ্রেপ্তার রাজিব মিয়ার বিরুদ্ধে মাদক ও ছিনতাইসহ পাঁচটি এবং জুয়েল মিয়ার বিরুদ্ধেও একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আসামিদের আদালতে পাঠানো হয়েছে।