নেশাগ্রস্ত অবস্থায় আটক, মুরাদনগরে দুই মাদকসেবীর ভ্রাম্যমাণ আদালতে সাজা


মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি: প্রকাশের সময় : জুন ১৩, ২০২৬, ৯:০১ অপরাহ্ণ
নেশাগ্রস্ত অবস্থায় আটক, মুরাদনগরে দুই মাদকসেবীর ভ্রাম্যমাণ আদালতে সাজা

কুমিল্লার মুরাদনগরে নেশাগ্রস্ত অবস্থায় জনশান্তি বিঘ্ন ঘটানোর অভিযোগে দুই মাদকসেবীকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা করে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (১৩ জুন) দুপুরে উপজেলার নবীপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই দণ্ডাদেশ দেওয়া হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন নবীপুর গ্রামের আমির হোসেনের ছেলে ইমন (১৯) এবং একই গ্রামের হোসেন মিয়ার ছেলে নাজমুল (২৭)।

স্থানীয় সূত্রে জানা যায়, মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন চৌধুরীর নির্দেশনায় পুলিশের একটি দল স্থানীয়দের সহায়তায় অভিযান চালিয়ে তাদের আটক করে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবিএম সারওয়ার রাব্বি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

আদালত সূত্রে জানা গেছে, নেশাগ্রস্ত অবস্থায় জনশান্তি বিঘ্নের অভিযোগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের প্রত্যেককে ১৫ দিনের কারাদণ্ড এবং ২০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

উপজেলা প্রশাসন ও পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে এবং কোনো অপরাধীকেই ছাড় দেওয়া হবে না। তারা সমাজ থেকে মাদক নির্মূলে কঠোর অবস্থানের কথাও পুনর্ব্যক্ত করেন।