
‘মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরা সদর উপজেলা পর্যায়ে শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণে স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১২ জুন) সকালে সাতক্ষীরা নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ে এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম (ইইএসএস), এসইডিপি এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, ঢাকার আয়োজনে এ প্রদর্শনীর আয়োজন করা হয়। অনুষ্ঠানে সহযোগিতা করে সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস।
সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অর্ণব দত্তের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আলমগীর কবীর। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আবুল হোসেন।
এ সময় আরও বক্তব্য দেন নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মালেক গাজী এবং বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মুহাম্মদ মনজুরুল হক। বক্তারা শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক, সৃজনশীল ও উদ্ভাবনী চিন্তায় উদ্বুদ্ধ করার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, প্রযুক্তিনির্ভর ও জ্ঞানভিত্তিক বাংলাদেশ গড়তে নতুন প্রজন্মকে বিজ্ঞান ও গবেষণার প্রতি আরও আগ্রহী করে তুলতে হবে।
প্রদর্শনীতে সাতক্ষীরা সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষকরা অংশগ্রহণ করেন। তাদের উদ্ভাবনী চিন্তা, প্রযুক্তিনির্ভর সমাধান এবং বৈজ্ঞানিক প্রকল্পগুলো দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করে।
অনুষ্ঠানে বিচারকের দায়িত্ব পালন করেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সাতক্ষীরা সদর উপজেলা প্রকৌশলী ইয়াকুব আলী, সাতক্ষীরা সরকারি কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের প্রভাষক নিত্যানন্দ কুমার, আইসিটি প্রভাষক দেবাশীষ দাস এবং সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের প্রভাষক মো. আফজাল করিম।
আয়োজকরা জানান, উপজেলা পর্যায়ের এ প্রদর্শনীতে মোট ১৮টি স্টল স্থান পেয়েছে। প্রতিটি স্টলে শিক্ষার্থীরা তাদের নিজস্ব উদ্ভাবনী ধারণা ও বিজ্ঞানভিত্তিক প্রকল্প উপস্থাপন করেন। এসব প্রকল্পের মাধ্যমে শিক্ষার্থীদের সৃজনশীলতা, সমস্যা সমাধানের দক্ষতা এবং প্রযুক্তিগত জ্ঞান বিকাশের সুযোগ সৃষ্টি হয়েছে।
অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী উপমা আহমেদ।
আপনার মতামত লিখুন :