
বান্দরবানের লামা উপজেলায় জোরপূর্বক ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি মো. নাছির মাঝি (৫০) কে গ্রেপ্তার করেছে লামা থানা পুলিশ। শুক্রবার (১২ জুন) দিবাগত রাত ১টা ১০ মিনিটে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের বনফুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, বান্দরবান পার্বত্য জেলার সহকারী পুলিশ সুপার (লামা সার্কেল) মাসুম সরদারের সুনির্দিষ্ট দিকনির্দেশনায় এবং লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শাহজাহান কামালের সার্বিক তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন কুমারী পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) জামিল আহমদ এবং তার সঙ্গে থাকা পুলিশ সদস্যরা।
অভিযানের সময় ফাঁসিয়াখালী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বনফুর বড়পাড়া বাইশখাইল্ল্যা ঝিরি মুসলিমপাড়ায় অবস্থিত নিজ বাড়ি থেকে নাছির মাঝিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত নাছির মাঝি ওই এলাকার মৃত মজু মাঝি ও মৃত আনোছা খাতুনের ছেলে। তিনি লামা উপজেলার ৩ নম্বর ফাঁসিয়াখালী ইউনিয়নের ইয়াংছা মৌজার বাইশখাইল্ল্যা ঝিরি মুসলিমপাড়ার স্থায়ী বাসিন্দা।
পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে লামা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(৪)(খ) ধারা এবং দণ্ডবিধির ৫০৬(২) ধারায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মামলাটি গত ১১ জুন ২০২৬ তারিখে রুজু করা হয় এবং এতে তিনি প্রধান আসামি হিসেবে এজাহারভুক্ত ছিলেন।
এ বিষয়ে লামা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ শাহজাহান কামাল বলেন, “জোরপূর্বক ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।”
তিনি আরও বলেন, “লামা থানা এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না।” পুলিশের এ অভিযানে স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে জানা গেছে। অপরাধ দমনে লামা থানা পুলিশের চলমান তৎপরতার প্রশংসা করেছেন এলাকাবাসী।
আপনার মতামত লিখুন :