মেক্সিকো-দক্ষিণ আফ্রিকা ম্যাচে বিশ্বকাপের সূচনা


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুন ১১, ২০২৬, ৮:৪৭ অপরাহ্ণ
মেক্সিকো-দক্ষিণ আফ্রিকা ম্যাচে বিশ্বকাপের সূচনা

ফুটবলপাগল দেশ মেক্সিকোতে আজ গভীর রাতে শুরু হচ্ছে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসর—FIFA World Cup। বাংলাদেশ সময় রাত ১টায় উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিক মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকা।

ফুটবল নিয়ে উন্মাদনা যেখানে চরমে, সেই মেক্সিকোতে বিশ্বকাপ ঘিরে এখন উৎসবের আমেজ। ২০১০ সালের বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেও দেখা গিয়েছিল এই দুই দলের লড়াই, যা ১-১ গোলে ড্র হয়েছিল। এবার নিজেদের মাটিতে স্বাগতিকরা জয় দিয়ে শুরু করতে চায়।

উত্তর আমেরিকায় বিশ্বকাপের ইতিহাসও সমৃদ্ধ। ১৯৭০ ও ১৯৮৬ সালে মেক্সিকোতে বিশ্বকাপ অনুষ্ঠিত হয়, যেখানে বিখ্যাত আজটেকা স্টেডিয়ামে ফাইনাল ম্যাচ আয়োজন করা হয়েছিল। প্রথমবার ব্রাজিল চ্যাম্পিয়ন হয়, দ্বিতীয়বার আর্জেন্টিনা শিরোপা জেতে। এরপর ১৯৯৪ সালে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত বিশ্বকাপে শিরোপা জেতে ব্রাজিল।

বাংলাদেশসহ এশিয়ার দর্শকদের জন্য এবারও রাতজাগা বিশ্বকাপের অভিজ্ঞতা অপেক্ষা করছে। রাতের ম্যাচ, ভোরের খেলা এবং দিনের শুরুতে টানটান উত্তেজনা—সব মিলিয়ে ফুটবলপ্রেমীদের ঘুম হারাম হতে যাচ্ছে আগামী দেড় মাস। যদিও এখন মোবাইল অ্যাপের মাধ্যমে সহজেই ম্যাচ দেখার সুযোগ রয়েছে।

উদ্বোধনী ম্যাচ শেষ হওয়ার পরপরই দর্শকদের নজর থাকবে পরবর্তী ম্যাচে। কাল সকালে মেক্সিকোর গুয়াদালাহারায় মুখোমুখি হবে দক্ষিণ কোরিয়া ও চেক প্রজাতন্ত্র। এশিয়ার শক্তিশালী দল দক্ষিণ কোরিয়া গত আসরে নকআউট পর্বে পৌঁছেছিল এবং পর্তুগালকে হারিয়ে চমক দেখিয়েছিল।

অন্যদিকে, চেক প্রজাতন্ত্র দীর্ঘ ২০ বছর পর বিশ্বকাপে ফিরেছে। যদিও দলটি শেষবার ২০০৬ সালে বিশ্বকাপ খেলেছিল, তবে চেকোস্লোভাকিয়া হিসেবে তাদের ফাইনাল খেলার গৌরবময় ইতিহাস রয়েছে। িবিশ্বকাপের এই আসরকে ঘিরে তাই শুরু থেকেই উত্তেজনার পারদ চড়ছে, আর ফুটবলপ্রেমীদের জন্য অপেক্ষা করছে টানটান লড়াইয়ের এক দীর্ঘ যাত্রা।