২০২৬-২৭ অর্থবছরের অর্থ বিল স্বাক্ষর করলেন রাষ্ট্রপতি


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুন ১১, ২০২৬, ৭:২০ অপরাহ্ণ
২০২৬-২৭ অর্থবছরের অর্থ বিল স্বাক্ষর করলেন রাষ্ট্রপতি

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটের অর্থবিল ও নির্দিষ্টকরণ বিলে স্বাক্ষর করেছেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন। এর মধ্য দিয়ে আসন্ন অর্থবছরের বাজেট বাস্তবায়নের আনুষ্ঠানিক প্রক্রিয়া আরও এক ধাপ এগিয়ে গেল।

বৃহস্পতিবার (১১ জুন) দুপুর ২টা ৩০ মিনিটে সংসদ ভবনে রাষ্ট্রপতির কার্যালয়ে তিনি এসব বিলে স্বাক্ষর করেন। এ সময় উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আবদুর রহিম সাকি, অর্থসচিব মো. খায়রুজ্জামান মজুমদার এবং জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবদুর রহমান খানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এর আগে সকাল ১০টায় সংসদ ভবনের মন্ত্রিসভা কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বিশেষ মন্ত্রিসভার বৈঠকে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট অনুমোদন করা হয়। পরে মন্ত্রিসভা অনুমোদিত বাজেট ফাইলে প্রধানমন্ত্রী স্বাক্ষর করেন বলে জানা গেছে।

রাষ্ট্রপতি সংসদ ভবনের ষষ্ঠ তলার নির্ধারিত গ্যালারি থেকে অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতা মনোযোগ সহকারে শোনেন বলেও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এবারের বাজেটকে দেশের ইতিহাসে অন্যতম বৃহৎ বাজেট হিসেবে উল্লেখ করা হয়েছে। টাকার অঙ্কে এর আকার ধরা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা। রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা এবং বাজেট ঘাটতি দাঁড়াচ্ছে ২ লাখ ৫১ হাজার কোটি টাকা, যা জিডিপির প্রায় ৩ দশমিক ৬ শতাংশ।

ঘাটতি অর্থায়নে দেশীয় ও বৈদেশিক উৎস থেকে ঋণ গ্রহণের পরিকল্পনা রয়েছে সরকারের। এর মাধ্যমে অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি আনা, ব্যবসা-বাণিজ্যে শিথিলতা বৃদ্ধি, মানবসম্পদ উন্নয়ন এবং বাংলাদেশকে ধীরে ধীরে ‘ট্রিলিয়ন ডলার অর্থনীতির’ পথে এগিয়ে নেওয়ার লক্ষ্য পুনর্ব্যক্ত করা হয়েছে।