সাতক্ষীরার সুন্দরবন উপকূলীয় এলাকায় বিএসএফের পুশইনের চেষ্টা রুখে দিয়েছে বিজিবি


মোঃ রমজান আলী, সাতক্ষীরা প্রতিনিধি প্রকাশের সময় : জুন ১১, ২০২৬, ৮:১৮ অপরাহ্ণ
সাতক্ষীরার সুন্দরবন উপকূলীয় এলাকায় বিএসএফের পুশইনের চেষ্টা রুখে দিয়েছে বিজিবি

সুন্দরবন উপকূলীয় বাংলাদেশ-ভারত সীমান্ত নদীপথে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের একটি পুশইনের চেষ্টা রুখে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সাতক্ষীরার নীলডুমুরস্থ ১৭ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

বিজিবি জানায়, গত ৮ জুন থেকে ১০ জুন ভোর পর্যন্ত সময়ের মধ্যে ভারতীয় ৭৪ ও ৭৭ বিএসএফ ব্যাটালিয়ন ১৮ থেকে ২০ জন নারী, পুরুষ ও শিশুকে সীমান্তের বিভিন্ন পয়েন্টে জড়ো করে নদীপথসহ একাধিক রুট দিয়ে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে। তবে বিজিবির সতর্ক অবস্থান ও দ্রুত পদক্ষেপে এই প্রচেষ্টা সফল হয়নি।

১৭ বিজিবি ব্যাটালিয়নের সদর দপ্তর সূত্রে জানা যায়, পুশইন প্রতিরোধে সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সংশ্লিষ্ট বর্ডার আউট পোস্টগুলোতে (বিওপি) অতিরিক্ত জনবল মোতায়েন, মোটরসাইকেল ও এটিভির মাধ্যমে নিয়মিত রাত্রিকালীন টহল, এবং সীমান্ত এলাকায় মাইকিংয়ের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধি করা হচ্ছে।

এছাড়া বাঁশি, লাইট ও মেগাফোন ব্যবহার করে বিশেষ টহল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। নদীপথে অনুপ্রবেশ ঠেকাতে হাই স্পিড বোটের মাধ্যমে নিয়মিত টহল অব্যাহত রয়েছে বলেও জানানো হয়।

স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে বিভিন্ন সচেতনতামূলক সভা আয়োজন করা হচ্ছে এবং যে কোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় ব্যাটালিয়ন সদর দপ্তরে দুই সেকশনের একটি কুইক রেসপন্স ফোর্স (QRF) সর্বদা প্রস্তুত রাখা হয়েছে।

নীলডুমুরস্থ ১৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহারিয়ার রাজিব বলেন, কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে অবৈধভাবে বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করতে দেওয়া হবে না। তিনি আরও জানান, অবৈধ অনুপ্রবেশ ও পুশইনের যেকোনো অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হচ্ছে।

তিনি বলেন, রাতদিন সীমান্ত এলাকায় টহল জোরদার করা হয়েছে এবং মাইকিং ও হুইসেলের মাধ্যমে বিএসএফকে বিজিবির সতর্ক অবস্থানের বিষয়টি জানানো হচ্ছে। সীমান্ত সুরক্ষায় ১৭ বিজিবি ব্যাটালিয়ন সর্বদা প্রস্তুত রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।