
শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চৌকিদারপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে ব্যবহৃত একটি সরকারি রাস্তা বন্ধ ও ইট অপসারণের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্থানীয় এলাকাবাসী।
বৃহস্পতিবার (১১ জুন) সকাল সাড়ে ১১টার দিকে আয়োজিত এ কর্মসূচিতে হিন্দু-মুসলিম মিলিয়ে প্রায় ৩০টি পরিবারের সদস্যরা অংশ নেন। বক্তারা অভিযোগ করেন, প্রায় তিন দশক ধরে ব্যবহৃত এই রাস্তা হঠাৎ বন্ধ করে দেওয়ায় সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েছে।
এলাকাবাসীর দাবি, রমজাননগর ইউনিয়ন কৃষকলীগের সহ-সভাপতি নাহিনুর বেগমের নেতৃত্বে দীর্ঘদিন ধরে নানা হয়রানিমূলক কর্মকাণ্ড চলছে। সম্প্রতি তার নির্দেশে রাস্তার ইট তুলে ফেলা হয়েছে, ফলে পথচারীদের চলাচল সম্পূর্ণভাবে ব্যাহত হচ্ছে।
অভিযোগে আরও বলা হয়, মো. হাফিজুর রহমান (কবির), নাহিনুর বেগম ও তার ছেলে মেহেদী হাসান সায়েমসহ কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে এসে ভয়ভীতি দেখিয়ে রাস্তার ইট অপসারণ করেন।
মানববন্ধনে বক্তারা দ্রুত রাস্তা পুনঃস্থাপন, দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং সাধারণ মানুষের চলাচল স্বাভাবিক করার জন্য প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি করেন।
আপনার মতামত লিখুন :