রাতে পর্দা উঠছে বিশ্বকাপের


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুন ১১, ২০২৬, ৮:৫১ অপরাহ্ণ
রাতে পর্দা উঠছে বিশ্বকাপের

মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার ম্যাচ দিয়ে আজ পর্দা উঠছে ২০২৬ ফিফা বিশ্বকাপের। বৃহস্পতিবার (১১ জুন) দিবাগত রাত ১টায় মেক্সিকো সিটির ঐতিহাসিক আজটেকা স্টেডিয়ামে ‘গ্রুপ এ’-এর ম্যাচে মুখোমুখি হবে দুই দল।

ম্যাচ শুরুর আগে একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান। যেখানে কলম্বিয়ান পপতারকা শাকিরা মঞ্চ মাতাতে প্রস্তুত রয়েছেন। আয়োজনকে ঘিরে ইতোমধ্যেই উন্মাদনা ছড়িয়ে পড়েছে ফুটবলপাগল দর্শকদের মধ্যে।

এবারের উদ্বোধনী ম্যাচটি ২০১০ বিশ্বকাপের স্মৃতি ফিরিয়ে আনছে। সেবারও উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছিল স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ও মেক্সিকো, যা ১-১ গোলে ড্র হয়েছিল। এবার ভেন্যু বদলে হলেও প্রতিপক্ষ একই থাকায় ম্যাচটি ঘিরে বাড়তি আগ্রহ তৈরি হয়েছে।

নিজেদের মাঠে খেলায় এবার কিছুটা এগিয়ে থাকবে স্বাগতিক মেক্সিকো। রেকর্ড ষষ্ঠবারের মতো বিশ্বকাপ খেলা অভিজ্ঞ গোলরক্ষক গুইয়েরমো ওচোয়ার মতো তারকা রয়েছেন দলে। অভিজ্ঞতা ও তরুণদের মিশেলে গড়া দলটির রক্ষণভাগও বেশ শক্তিশালী, যেখানে শেষ আট ম্যাচের ছয়টিতেই ক্লিনশিট পেয়েছে তারা।

অন্যদিকে দক্ষিণ আফ্রিকা দল কাউন্টার অ্যাটাক নির্ভর ফুটবলে বেশ কার্যকর। বিশ্বকাপে নিজেদের শেষ নয় ম্যাচের প্রতিটিতেই গোল করার ধারাবাহিকতা বজায় রেখেছে আফ্রিকার এই দলটি।

উদ্বোধনী দিনের সাংস্কৃতিক আয়োজনও থাকছে বর্ণাঢ্য। বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায় শাকিরা ও নাইজেরিয়ান শিল্পী বার্না বয় যৌথভাবে থিম সং পরিবেশন করবেন। এ ছাড়া জে বালভিন ও ব্যান্ড মানার মতো জনপ্রিয় শিল্পীরাও অংশ নেবেন।

পরদিন দ্বিতীয় উদ্বোধনী আয়োজন হবে কানাডার টরন্টোর বিএমও ফিল্ডে। সেখানে পারফর্ম করবেন মাইকেল বুবলে, অ্যালানিস মরিসেট ও আলিসিয়া কারা। একই ধারাবাহিকতায় যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের সোফাই স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে তৃতীয় উদ্বোধনী অনুষ্ঠান, যেখানে ক্যাটি পেরি, লিসা (ব্ল্যাকপিংক), ফিউচার ও অ্যানিত্তা মঞ্চ মাতাবেন। সব মিলিয়ে জমকালো আয়োজন আর টানটান উত্তেজনায় শুরু হতে যাচ্ছে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসর।