মোবাইল সিমে কর সম্পূর্ণ প্রত্যাহারের প্রস্তাব


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুন ১১, ২০২৬, ৭:১৭ অপরাহ্ণ
মোবাইল সিমে কর সম্পূর্ণ প্রত্যাহারের প্রস্তাব

মোবাইল সিমের ওপর আরোপিত ৩০০ টাকার সুনির্দিষ্ট কর সম্পূর্ণভাবে প্রত্যাহারের প্রস্তাব করা হয়েছে ২০২৬–২৭ অর্থবছরের বাজেটে। দেশের টেলিকম ও তথ্যপ্রযুক্তি খাতকে আরও গতিশীল ও জনগণের জন্য সাশ্রয়ী করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে বাজেট উপস্থাপনের সময় তিনি এ প্রস্তাব দেন। তিনি বলেন, আইসিটি খাতকে থ্রাস্ট সেক্টর হিসেবে গড়ে তুলতে ট্যাক্স, ভ্যাট ও লাইসেন্সিং নীতিমালায় ব্যাপক সংস্কার আনা হচ্ছে।

অর্থমন্ত্রী আরও জানান, বর্তমানে টেলিকম খাতে করের হার প্রায় ৫০ শতাংশ এবং তথ্যপ্রযুক্তি খাতে প্রায় ২৫ শতাংশ, যা আন্তর্জাতিক মানদণ্ডের তুলনায় অনেক বেশি। তাই ধাপে ধাপে এসব খাতে করভার যৌক্তিকভাবে কমানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।

নতুন প্রস্তাব অনুযায়ী, মোবাইল সিমের ওপর আরোপিত ৩০০ টাকা কর সম্পূর্ণ প্রত্যাহার করা হলে আগামী অর্থবছরে প্রায় ১ হাজার ২০০ কোটি টাকা রাজস্ব হ্রাস পাবে বলে ধারণা করা হচ্ছে।

সরকারের মতে, কর কমানোর মাধ্যমে মোবাইল সেবা আরও সহজলভ্য হবে, ডিজিটাল অন্তর্ভুক্তি বাড়বে এবং তথ্যপ্রযুক্তি খাতের সম্প্রসারণ ত্বরান্বিত হবে। এদিকে প্রস্তাবিত বাজেটের মোট আকার ধরা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা। রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা এবং বাজেট ঘাটতি দাঁড়াচ্ছে ২ লাখ ৫১ হাজার কোটি টাকা, যা জিডিপির প্রায় ৩ দশমিক ৬ শতাংশ।

ঘাটতি পূরণে দেশীয় ও বৈদেশিক উৎস থেকে ঋণ নেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের। একই সঙ্গে অর্থনৈতিক প্রবৃদ্ধি ৬ দশমিক ৫ শতাংশে উন্নীত করা এবং মূল্যস্ফীতি ৭ দশমিক ৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্যও নির্ধারণ করা হয়েছে। অর্থমন্ত্রী বলেন, এই বাজেটের মাধ্যমে সরকার ব্যবসা-বাণিজ্যে নিয়ন্ত্রণ শিথিল করা, মানবসম্পদ উন্নয়ন এবং বাংলাদেশকে ধীরে ধীরে ‘ট্রিলিয়ন ডলার অর্থনীতির’ পথে এগিয়ে নেওয়ার লক্ষ্য বাস্তবায়ন করতে চায়।