
মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় আহত ও নিহত ব্যক্তিদের পরিবারগুলোর মাঝে আর্থিক সহায়তার অংশ হিসেবে ৯৭ লাখ টাকার অনুদানের চেক বিতরণ করা হয়েছে। বিআরটিএ ট্রাস্টি বোর্ডের উদ্যোগে এবং জেলা প্রশাসন ও বিআরটিএ মাদারীপুর সার্কেলের আয়োজনে বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদারীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ মর্জিনা আক্তার। এ সময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিগার সুলতানা, বিআরটিএ মাদারীপুর সার্কেলের মোটরযান পরিদর্শক আমির হোসেন, মোটরযান পরিদর্শক সামসুদ্দীন আহম্মেদ, স্থানীয় গণমাধ্যমকর্মী, বিআরটিএর কর্মকর্তাসহ সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সড়ক দুর্ঘটনায় আহত ও নিহত ২১টি পরিবারের হাতে মোট ৯৭ লাখ টাকার আর্থিক অনুদানের চেক তুলে দেন জেলা প্রশাসক। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দুর্দিনে পাশে দাঁড়াতে সরকারের এই সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মিজ্ মর্জিনা আক্তার বলেন, সড়ক দুর্ঘটনায় আহত ও নিহতদের পরিবারগুলোর পাশে দাঁড়িয়ে মানবিক সহায়তা প্রদান সরকারের জনকল্যাণমূলক উদ্যোগেরই অংশ। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর কষ্ট কিছুটা হলেও লাঘব করতে এই অনুদান সহায়ক হবে।
তিনি আরও বলেন, নিরাপদ সড়ক নিশ্চিত করতে সবাইকে সড়ক আইন মেনে চলতে হবে। চালক, যাত্রী ও পথচারী—সকলের সচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনার সংখ্যা কমানো সম্ভব হবে। মানুষের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে যাচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানে বক্তারা সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে ট্রাফিক আইন মেনে চলা, অতিরিক্ত গতি পরিহার এবং দায়িত্বশীল আচরণের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে সরকারের এ ধরনের সহায়তা অব্যাহত থাকবে বলেও আশ্বাস দেওয়া হয়।
আপনার মতামত লিখুন :