
মাদারীপুরের রাজৈর উপজেলায় পিকআপ ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে এক ইজিবাইক চালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিন যাত্রী গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে টেকেরহাট-কবিরাজপুর সড়কের তাঁতিকান্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শামীম মুন্সি (৩৫) গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার ডোমরাকান্দি গ্রামের কাশেম মুন্সির ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে যাত্রী নিয়ে কবিরাজপুর থেকে টেকেরহাটের দিকে যাচ্ছিল একটি ইজিবাইক। পথে তাঁতিকান্দা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালকসহ চারজন গুরুতর আহত হন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শামীম মুন্সিকে মৃত ঘোষণা করেন। আহত অপর তিনজনের অবস্থার অবনতি হলে তাদের উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল ইসলাম জানান, সড়ক দুর্ঘটনায় ইজিবাইক চালকের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পর পিকআপের চালক পালিয়ে গেলেও গাড়িটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
আপনার মতামত লিখুন :