
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার হিসনা নদী খনন কাজ শুরু হওয়ার ১৮ দিন পার হলেও প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা ও স্থানীয় জনগণের সম্পৃক্ততা নিয়ে প্রশ্ন উঠেছে। এ নিয়ে স্থানীয়দের মধ্যে অসন্তোষ ও উদ্বেগ দেখা দিয়েছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, খনন কাজ শুরুর আগে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কর্তৃপক্ষ কোনো উন্মুক্ত মতবিনিময় বা পরিকল্পনা উপস্থাপন করেনি। এতে নদী রক্ষা আইন অনুযায়ী অবৈধ স্থাপনা উচ্ছেদ, খননকৃত মাটির ব্যবস্থাপনা এবং পরিবেশগত প্রভাব নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
তাদের দাবি, প্রকল্পের বিস্তারিত পরিকল্পনা জনসম্মুখে প্রকাশ করে স্বচ্ছতা নিশ্চিত করা জরুরি। পাশাপাশি অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং খননকৃত মাটির সঠিক ব্যবস্থাপনা নিশ্চিত করার আহ্বান জানান তারা। স্থানীয়দের আশঙ্কা, যথাযথ তদারকি না থাকলে মাটি অবৈধভাবে অপসারণ বা বিক্রির সুযোগ তৈরি হতে পারে, যা কৃষিজমি ও পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে।
সূত্র জানায়, হিসনা নদী খনন প্রকল্পটি জলাবদ্ধতা নিরসন, নৌচলাচল উন্নয়ন ও বন্যা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে কৃষি, মৎস্য ও স্থানীয় যোগাযোগ ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে।
এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। বিশেষজ্ঞরা মনে করেন, বৃহৎ জনস্বার্থ সংশ্লিষ্ট উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা ও স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি। এ লক্ষ্যে দ্রুত উন্মুক্ত আলোচনা আয়োজনের আহ্বান জানিয়েছেন তারা।
আপনার মতামত লিখুন :