
বান্দরবান সদর হাসপাতালে নির্মাণাধীন একটি ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) দুপুর ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন মো. সাকিব (২০) ও কামরুল হাসান (৩৫)। তারা ভোলা জেলার চরফ্যাশন উপজেলার বাসিন্দা এবং দীর্ঘদিন ধরে ভবন নির্মাণকাজে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বান্দরবান সদর হাসপাতালের সার্ভিস ভবনে নির্মাণকাজ চলাকালে একটি লোহার অ্যাঙ্গেল ভবনের পাশ দিয়ে যাওয়া বৈদ্যুতিক মেইন লাইনের তারের সংস্পর্শে আসে। এতে সাকিব ও কামরুল গুরুতর বিদ্যুৎস্পৃষ্ট হন এবং ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
বান্দরবান ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. আব্দুল মান্নান আনসারী জানান, হাসপাতালের সার্ভিস ভবনে নির্মাণকাজের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার খবর ছড়িয়ে পড়লে সদর হাসপাতালের রোগী, স্বজন ও স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও আতঙ্কের সৃষ্টি হয়।
আপনার মতামত লিখুন :