নতুন ব্যবসার ক্ষেত্রে বড় সুখবর


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুন ১১, ২০২৬, ৩:৫৮ অপরাহ্ণ
নতুন ব্যবসার ক্ষেত্রে বড় সুখবর

দেশে ব্যবসা শুরু ও পরিচালনা আরও সহজ এবং দ্রুত করতে নতুন বাজেটে বড় ধরনের সংস্কার উদ্যোগ নিতে যাচ্ছে সরকার। ব্যবসায়িক অনুমোদন ও লাইসেন্সিং প্রক্রিয়ায় অনলাইনভিত্তিক ‘সিঙ্গেল উইন্ডো’ ব্যবস্থা বাধ্যতামূলক করার ঘোষণা দিতে যাচ্ছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এর ফলে উদ্যোক্তাদের বিভিন্ন দপ্তরে ঘুরতে হবে না; একটি প্ল্যাটফর্ম থেকেই প্রয়োজনীয় সেবা পাওয়া যাবে।

অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আবেদন জমা দেওয়া থেকে শুরু করে লাইসেন্স প্রদান পর্যন্ত পুরো প্রক্রিয়া সর্বোচ্চ সাত দিনের মধ্যে সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হচ্ছে। সরকারের ধারণা, এই উদ্যোগ বাস্তবায়িত হলে ব্যবসা পরিচালনায় সময়, ব্যয় এবং প্রশাসনিক জটিলতা উল্লেখযোগ্যভাবে কমে আসবে। পাশাপাশি নতুন বিনিয়োগ ও উদ্যোক্তা তৈরির পরিবেশ আরও অনুকূল হবে।

শুধু লাইসেন্সিং নয়, কোম্পানি নিবন্ধন প্রক্রিয়াও দ্রুততর করার পরিকল্পনা রয়েছে সরকারের। নতুন ব্যবস্থার আওতায় কোম্পানি নিবন্ধনের কাজ ৪৮ ঘণ্টার মধ্যে সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হচ্ছে। দীর্ঘসূত্রতা কমিয়ে ব্যবসা শুরুর প্রক্রিয়াকে আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করাই এই পদক্ষেপের মূল লক্ষ্য।

সরকারের মতে, অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি আনতে এবং বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনিক সেবাগুলোকে ডিজিটাল ও সময়সাশ্রয়ী করা জরুরি। তাই ব্যবসা সংক্রান্ত বিভিন্ন অনুমোদন ও নিবন্ধন প্রক্রিয়াকে প্রযুক্তিনির্ভর করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

এদিকে আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের আকার ধরা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা। এর বিপরীতে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা। ফলে বাজেটে ঘাটতি দাঁড়াচ্ছে প্রায় ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা।

এই ঘাটতি পূরণে সরকার অভ্যন্তরীণ ও বৈদেশিক উভয় উৎস থেকে অর্থ সংগ্রহের পরিকল্পনা করেছে। প্রস্তাব অনুযায়ী, বৈদেশিক ঋণ ও অনুদান থেকে ১ লাখ ১৬ হাজার কোটি টাকা এবং অভ্যন্তরীণ উৎস থেকে ১ লাখ ২৭ হাজার কোটি টাকা সংগ্রহ করা হবে। এর মধ্যে ব্যাংক ব্যবস্থা থেকে ১ লাখ ১২ হাজার কোটি টাকা এবং সঞ্চয়পত্র ও অন্যান্য উৎস থেকে ১৫ হাজার কোটি টাকা নেওয়ার পরিকল্পনা রয়েছে।

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে দেশের ৫৫তম জাতীয় বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বর্তমান সরকারের মেয়াদে এটি তার প্রথম বাজেট, যা দেশের ব্যবসা ও বিনিয়োগ খাতে নতুন দিকনির্দেশনা দেবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।