নতুন বাজেটে বাড়ানো হচ্ছে সিগারেটের দাম


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুন ১১, ২০২৬, ৩:৪৩ অপরাহ্ণ
নতুন বাজেটে বাড়ানো হচ্ছে সিগারেটের দাম

জনস্বাস্থ্য সুরক্ষা এবং তামাকপণ্যের ব্যবহার নিরুৎসাহিত করতে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে সব স্তরের সিগারেটের দাম বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার। অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে বাজেট উপস্থাপনের সময় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ সংক্রান্ত প্রস্তাব ঘোষণা করবেন।

প্রস্তাবিত কাঠামো অনুযায়ী, প্রতি ১০ শলাকা সিগারেটের সর্বনিম্ন খুচরা মূল্য চারটি স্তরে পুনর্নির্ধারণ করা হতে পারে। এর মধ্যে নিম্নস্তরে ৬২ টাকা, মধ্যম স্তরে ৯২ টাকা, উচ্চ স্তরে ১৬০ টাকা এবং অতি উচ্চ বা প্রিমিয়াম স্তরে ২১০ টাকা নির্ধারণের প্রস্তাব রয়েছে। বর্তমানে এসব স্তরে দাম যথাক্রমে ৬০, ৮০, ১৪০ ও ১৮৫ টাকা।

নতুন প্রস্তাব কার্যকর হলে নিম্নস্তরের সিগারেট প্যাকেটে ২ টাকা, মধ্যম স্তরে ১০ টাকা এবং উচ্চ স্তরে ২০ টাকা পর্যন্ত মূল্য বৃদ্ধি পাবে। সরকারের লক্ষ্য হলো তামাকপণ্যের ব্যবহার কমিয়ে জনস্বাস্থ্য ঝুঁকি হ্রাস করা।

এদিকে একই দিনে জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী। এটি দেশের ৫৫তম বাজেট এবং বর্তমান সরকারের প্রথম বাজেট হিসেবে বিবেচিত হচ্ছে। প্রস্তাবিত বাজেটের আকার ধরা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা, যা দেশের ইতিহাসে সর্ববৃহৎ বাজেট।

বাজেটে মোট রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা। বাকি অর্থ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণ এবং উন্নয়ন সহযোগীদের সহায়তা থেকে সংগ্রহ করা হবে। বাজেট ঘাটতি দাঁড়াতে পারে ২ লাখ ৫১ হাজার কোটি টাকা, যা জিডিপির প্রায় ৩ দশমিক ৬ শতাংশ।

ঘাটতি পূরণে বৈদেশিক উৎস থেকে ১ লাখ ১৬ হাজার কোটি টাকা এবং অভ্যন্তরীণ উৎস থেকে ১ লাখ ২৭ হাজার কোটি টাকা সংগ্রহের পরিকল্পনা রয়েছে। এর মধ্যে ব্যাংক ব্যবস্থা থেকে ১ লাখ ১২ হাজার কোটি টাকা এবং সঞ্চয়পত্রসহ অন্যান্য উৎস থেকে ১৫ হাজার কোটি টাকা নেওয়া হবে। নিয়ম অনুযায়ী, বাজেট মন্ত্রিসভার অনুমোদনের পর রাষ্ট্রপতির স্বাক্ষরের মাধ্যমে চূড়ান্ত হবে এবং আগামী ১ জুলাই থেকে নতুন অর্থবছর কার্যকর হবে।