
ফুটবলকে ঘিরে উচ্ছ্বাস ও আবেগের অনন্য প্রকাশ ঘটেছে দিনাজপুরে। ব্রাজিল জাতীয় ফুটবল দলের সমর্থকদের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে এক বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা, যা শহরজুড়ে উৎসবের আমেজ ছড়িয়ে দেয়।
বুধবার (১১ জুন) সকালে শহরের গোর-এ-শহীদ বড় ময়দান সংলগ্ন সিএনবি মোড় থেকে শোভাযাত্রাটি শুরু হয়। এতে অংশ নেন বিপুলসংখ্যক ব্রাজিল সমর্থক। হলুদ-সবুজ জার্সি পরিহিত সমর্থকদের হাতে ছিল ব্রাজিলের পতাকা, ব্যানার ও ফেস্টুন। শোভাযাত্রাটি শহরের লিলির মোড়, চারু বাবুর মোড় ও মডার্ন মোড়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
র্যালির অন্যতম আকর্ষণ ছিল ব্রাজিলের প্রতীক ও লোগো দিয়ে সাজানো একটি মিনি ট্রাক। সেই সঙ্গে ঢাক-ঢোলের তালে তালে সমর্থকদের উচ্ছ্বাস পুরো শহরে ফুটবল উৎসবের আবহ তৈরি করে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ব্রাজিলের নান্দনিক ফুটবল ও সমৃদ্ধ ঐতিহ্যের প্রতি ভালোবাসা থেকেই এই আয়োজন। তারা আশা প্রকাশ করেন, তাদের প্রিয় দল ভবিষ্যতে ষষ্ঠ বিশ্বকাপ জয়ের গৌরব অর্জন করবে।
শোভাযাত্রাটি দেখতে রাস্তার দুই পাশে ভিড় করেন সাধারণ মানুষ ও বিভিন্ন দলের সমর্থকরা। অনেকেই এ আয়োজনকে ফুটবলপ্রেমীদের মিলনমেলা হিসেবে অভিহিত করেন। একজন দর্শক বলেন, দলীয় সমর্থন ভিন্ন হতে পারে, তবে ফুটবল ঘিরে এমন উৎসব সবার জন্যই আনন্দের।
শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এই শোভাযাত্রা আবারও প্রমাণ করেছে, বিশ্ব ফুটবলের প্রতি বাংলাদেশের মানুষের ভালোবাসা ও আবেগ কতটা গভীর।
আপনার মতামত লিখুন :