টেকনাফ সীমান্তে ৫ লাখ ইয়াবাসহ মিয়ানমারের দুই নাগরিক গ্রেফতার


চট্টগ্রাম প্রতিনিধি, মারুফ প্রকাশের সময় : জুন ১১, ২০২৬, ৭:৪৩ অপরাহ্ণ
টেকনাফ সীমান্তে ৫ লাখ ইয়াবাসহ মিয়ানমারের দুই নাগরিক গ্রেফতার

কক্সবাজারের টেকনাফ সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশের সময় বিপুল পরিমাণ ইয়াবাসহ মিয়ানমারের দুই নাগরিককে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১৫)। বৃহস্পতিবার (১১ জুন) ভোররাতে টেকনাফ থানার সাবরাং ইউনিয়ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে আনুমানিক ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন মিয়ানমারের আরাকান রাজ্যের মন্ডু থানার ভুসিডং জেলার হায়েংখালী গ্রামের মোঃ সাজেদ (৩২) এবং দলিয়াপাড়া গ্রামের মোঃ এনামুল হাসান (৩৩)। তারা আন্তর্জাতিক মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য বলে জানিয়েছে র‍্যাব।

র‍্যাব-১৫ সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাত আড়াইটার দিকে সাবরাং ইউনিয়নের মন্ডলপাড়া এলাকায় অবস্থান নেয় র‍্যাবের একটি দল। পরে ভোর সাড়ে ৪টার দিকে মাদকচালানসহ কয়েকজন সীমান্ত অতিক্রম করে প্রবেশের সময় তাদের চ্যালেঞ্জ করা হলে পালানোর চেষ্টা করে। এ সময় ধাওয়া দিয়ে দুইজনকে আটক করা হয়, তবে আরও ৪-৫ জন পালিয়ে যায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা স্বীকার করেছে যে, তারা মিয়ানমার থেকে এই বড় চালান বাংলাদেশে এনে স্থানীয় একটি সিন্ডিকেটের কাছে হস্তান্তরের পরিকল্পনা করেছিল।

র‍্যাব-১৫ জানায়, মাদকবিরোধী ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি ও অভিযান আরও জোরদার করা হয়েছে। পলাতক আসামিদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে এবং আটক দুইজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে টেকনাফ থানায় হস্তান্তর করা হবে।