চন্দ্রগঞ্জ বাজারে পরিচ্ছন্নতাকর্মীদের কর্মবিরতি


 চন্দ্রগঞ্জ উপজেলা প্রতিনিধি, মাহফুজুল ইসলাম  প্রকাশের সময় : জুন ১১, ২০২৬, ৫:১৮ অপরাহ্ণ
চন্দ্রগঞ্জ বাজারে পরিচ্ছন্নতাকর্মীদের কর্মবিরতি

লক্ষ্মীপুরের অন্যতম বৃহৎ বাণিজ্যিক কেন্দ্র চন্দ্রগঞ্জ বাজারে পরিচ্ছন্নতাকর্মীদের কর্মবিরতির কারণে সৃষ্টি হয়েছে অস্বাস্থ্যকর পরিবেশ। দীর্ঘদিনের বকেয়া মজুরি ও বৈষম্যের অভিযোগে কর্মবিরতিতে যাওয়ায় বাজারজুড়ে জমে থাকা ময়লা-আবর্জনা ব্যবসায়ী ও ক্রেতাদের দুর্ভোগ বাড়িয়েছে।

সরেজমিনে দেখা যায়, বাজারের প্রধান সড়ক, মাছ বাজার, কাঁচাবাজার, লতিফ মার্কেটসহ বিভিন্ন স্থানে আবর্জনার স্তূপ জমে রয়েছে। কয়েকদিন ধরে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম বন্ধ থাকায় বাজারজুড়ে ছড়িয়ে পড়েছে দুর্গন্ধ, যা সাধারণ মানুষের চলাচল ও কেনাকাটায় বিঘ্ন সৃষ্টি করছে।

ব্যবসায়ীরা অভিযোগ করেন, নিয়মিত টোল ও বিভিন্ন খাতে অর্থ প্রদান করলেও বাজারের মৌলিক সেবাগুলো নিশ্চিত করা হচ্ছে না। বিশেষ করে পরিচ্ছন্নতা ব্যবস্থার অবনতিতে ব্যবসায়িক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং ক্রেতাদের উপস্থিতিও কমে গেছে।

পরিচ্ছন্নতাকর্মীদের দাবি, দীর্ঘদিন ধরে তাদের পাওনা মজুরি ও ভাতা পরিশোধ করা হয়নি। একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিষয়টি তুলে ধরলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে তারা বাধ্য হয়ে কর্মবিরতির সিদ্ধান্ত নিয়েছেন।

স্থানীয় ব্যবসায়ী ও সচেতন মহলের অভিযোগ, বাজার থেকে বিপুল পরিমাণ রাজস্ব ও টোল আদায় করা হলেও অবকাঠামো উন্নয়ন, বর্জ্য ব্যবস্থাপনা ও অন্যান্য সেবাখাতে প্রয়োজনীয় ব্যয় করা হচ্ছে না। এ কারণে বাজারের সার্বিক ব্যবস্থাপনা নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

এ বিষয়ে বাজার ব্যবস্থাপনা কমিটির দায়িত্বশীলদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।

ব্যবসায়ী ও এলাকাবাসী দ্রুত সমস্যার সমাধান, পরিচ্ছন্নতাকর্মীদের ন্যায্য দাবি পূরণ এবং বাজার ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।