গোল্ডেন এ-প্লাস পাওয়া শিক্ষার্থী অন্তরের জীবন রক্ষায় মানুষের সাহায্য কামনা


টুঙ্গিপাড়া উপজেলা প্রতিনিধি, জসিম মুন্সী  প্রকাশের সময় : জুন ১১, ২০২৬, ৫:০৬ অপরাহ্ণ
গোল্ডেন এ-প্লাস পাওয়া শিক্ষার্থী অন্তরের জীবন রক্ষায় মানুষের সাহায্য কামনা

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার কুশলী ইউনিয়নের মেধাবী শিক্ষার্থী অন্তর শেখ ব্লাড ক্যান্সারে (লিউকেমিয়া) আক্রান্ত হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। ২০২৪ সালের এসএসসি পরীক্ষায় গোল্ডেন এ-প্লাস অর্জন করা অন্তরের হাতেই একসময় ছিল বই আর ভবিষ্যৎ গড়ার কলম, এখন হাতে শুধুই চিকিৎসার রিপোর্ট।

অন্তরের পরিবার অর্থের অভাবে চিকিৎসা চালিয়ে যেতে পারছে না। তার বাবা ভুলু মিয়া শেখ একজন দরিদ্র কৃষক, পরিবারের একমাত্র উপার্জন সীমিত। চিকিৎসার খরচ প্রায় ১৬ লাখ টাকা, যা তাদের জন্য অসম্ভব। এ পর্যন্ত আত্মীয়-স্বজন ও স্থানীয়দের সহায়তায় আড়াই লাখ টাকা ব্যয় করে এক মাসের মতো চিকিৎসা চালানো সম্ভব হলেও বর্তমানে চিকিৎসা সম্পূর্ণ বন্ধ রয়েছে।

অন্তরের বাবা ভুলু শেখ কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমি দেশের মানুষকে সাহায্যের আবেদন জানাচ্ছি। আমার ছেলের জীবন বাঁচাতে দয়া করে এগিয়ে আসুন।” অন্তরের মা যোগ করেন, “আমার স্বপ্ন ছিল ছেলে লেখাপড়া শিখে বড় হয়ে মানুষের সেবা করবে। এখন আল্লাহ ছাড়া আমাদের আর কেউ নেই।”

স্থানীয়রা অন্তরের প্রশংসা করে বলেন, সে নম্র, ভদ্র ও মেধাবী। প্রতিবেশী ও শিক্ষাজীবীর সহানুভূতি ও আর্থিক সহায়তা থাকলে অন্তরের চিকিৎসা চালানো সম্ভব।

উন্নত চিকিৎসা পেলে অন্তর আবারও সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবে। সমাজের বিত্তবান, মানবিক সংগঠন ও প্রবাসীদের সামান্য সহায়তাই পারে তার চোখে স্বপ্নের আলো ফিরিয়ে দিতে।