কুষ্টিয়ার মিরপুরে বিয়ের দাবিতে তরুণীর অনশন।


মিরপুর উপজেলা প্রতিনিধি, আশিক। প্রকাশের সময় : জুন ১১, ২০২৬, ৮:২৬ অপরাহ্ণ
কুষ্টিয়ার মিরপুরে বিয়ের দাবিতে তরুণীর অনশন।

কুষ্টিয়ার মিরপুর উপজেলার কুর্শা ইউনিয়নে এক তরুণী বিয়ের দাবিতে একটি পরিবারের বাড়িতে অবস্থান নিয়েছেন বলে জানা গেছে। ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা ও উত্তেজনা সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, কুর্শা ইউনিয়নের ইশালমারী পুরাতন মসজিদ পাড়ার সাদেকের ছেলে ইউসুফ আলীর সঙ্গে শাকদারচর গ্রামের বিলপাড়ার এক স্কুলপড়ুয়া তরুণীর (ক্লাস টেন) প্রায় ১০ মাসের সম্পর্ক ছিল বলে অভিযোগ করা হয়েছে। তরুণীর দাবি, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার তাদের মধ্যে শারীরিক সম্পর্ক হয়, যা ঘটে বিভিন্ন সময় ছেলের বাড়ি ও বন্ধুর বাসায়।

তরুণী আরও অভিযোগ করেন, পরবর্তীতে বিয়ের বিষয়ে অস্বীকৃতি জানালে তিনি বিয়ের দাবিতে ইউসুফ আলীর বাড়িতে অবস্থান নেন। এর আগে একবারও তিনি একই দাবিতে ওই বাড়িতে অবস্থান করেছিলেন বলে জানা গেছে।

এদিকে তরুণীর পক্ষ থেকে ছেলের মা ও বোনের বিরুদ্ধে শারীরিক নির্যাতন ও মারধরের অভিযোগও আনা হয়েছে। বর্তমানে তিনি এখনো ইউসুফ আলীর বাড়িতে অবস্থান করছেন বলে স্থানীয়রা জানিয়েছেন।

স্থানীয় সূত্রে আরও জানা যায়, পারিবারিক ও সামাজিক চাপের কারণে ইউসুফ আলী বিয়েতে অপারগতা প্রকাশ করেছেন।

এলাকায় আলোচনায় এসেছে পরিবারের রাজনৈতিক পরিচয়ও। জানা যায়, ইউসুফ আলীর দাদা মজিবর রহমান আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন, তার পিতা সাদেক আলী বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন এবং ইউসুফ আলী জামায়াত সংশ্লিষ্ট কর্মকাণ্ডে যুক্ত বলে দাবি করা হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, এই রাজনৈতিক প্রভাব ব্যবহার করে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।

তবে এ বিষয়ে এখনো পর্যন্ত কোনো পক্ষই আনুষ্ঠানিকভাবে প্রশাসনের কাছে লিখিত অভিযোগ করেছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাটি এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে এবং পরিস্থিতি নিয়ে স্থানীয়ভাবে নজর রাখা হচ্ছে বলে জানা গেছে।