ইট মেরে মোটরসাইকেল নিয়ে যাওয়ার ভিডিও ভাইরাল, যা জানা গেল


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুন ১১, ২০২৬, ১:০৭ অপরাহ্ণ
ইট মেরে মোটরসাইকেল নিয়ে যাওয়ার ভিডিও ভাইরাল, যা জানা গেল

রাজধানীর মিরপুরের শেওড়াপাড়া এলাকায় চলন্ত মোটরসাইকেল আরোহীর মাথায় ইট নিক্ষেপ করে ছিনতাইয়ের একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, এক যুবক রাতে তার ‘ইয়ামাহা এফজেড ভার্সন ৩’ মোটরসাইকেলে করে গলিপথ দিয়ে যাচ্ছিলেন। তার মাথায় হেলমেট ছিল না। এ সময় আগে থেকে ওঁত পেতে থাকা দুই দুর্বৃত্তের মধ্যে একজন চলন্ত অবস্থায় তার মাথায় সজোরে ইট নিক্ষেপ করে। এতে মোটরসাইকেলসহ তিনি রাস্তায় পড়ে যান।

ভিডিওতে আরও দেখা যায়, দুর্ঘটনার পরপরই দুর্বৃত্তদের একজন মোটরসাইকেলটি নিয়ে দ্রুত পালিয়ে যায়। অন্যদিকে আরেকজন ঘটনাটিকে ‘দুর্ঘটনা’ বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করে এবং আহত ব্যক্তিকে রিকশায় তুলে হাসপাতালে পাঠানোর নাটকীয় ভূমিকা পালন করে।

এ ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। অনেকে এটিকে পরিকল্পিত ছিনতাই ও সহিংস অপরাধ হিসেবে আখ্যা দিয়েছেন।

এ বিষয়ে কাফরুল থানা পুলিশ জানায়, ভিডিওটি ভাইরাল হওয়ার পর তারা দ্রুত অভিযান পরিচালনা করে এবং ছিনতাই হওয়া মোটরসাইকেলটি উদ্ধার করে। উদ্ধারকৃত মোটরসাইকেল বর্তমানে থানায় হেফাজতে রয়েছে।

থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ঘটনাটি প্রথমে দুর্ঘটনা মনে হলেও পরবর্তীতে এটি পূর্বপরিকল্পিত ছিনতাই বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করা হয়েছে এবং তাদের নজরদারিতে রাখা হয়েছে।

পুলিশ আরও জানায়, খুব শিগগিরই জড়িতদের আইনের আওতায় আনা হবে। ঘটনাটি তদন্তে একাধিক টিম কাজ করছে এবং বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে। এদিকে এমন নৃশংস ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ায় সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।