
রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিল করেছে স্বাস্থ্য অধিদপ্তর। আলোচিত ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় পাঠানো শোকজ নোটিশের সন্তোষজনক জবাব না পাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস। তিনি বলেন, হাসপাতাল কর্তৃপক্ষের ব্যাখ্যা ও শোকজের জবাব পর্যালোচনা করে তা সন্তোষজনক মনে হয়নি। তাই জনস্বার্থ ও স্বাস্থ্যসেবার মান নিশ্চিত করতে আইন অনুযায়ী হাসপাতালটির লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।
এর আগে গত ২৭ মে সকাল ৬টা থেকে ৯টার মধ্যে আদ্-দ্বীন হাসপাতালে একযোগে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনা ঘটে। ঘটনাটি প্রকাশ্যে আসার পরই স্বাস্থ্য অধিদপ্তর একটি তদন্ত কমিটি গঠন করে এবং হাসপাতাল কর্তৃপক্ষকে কারণ দর্শানোর নোটিশ পাঠায়। নোটিশে বলা হয়, কেন হাসপাতালের লাইসেন্স বাতিল করা হবে না, সে বিষয়ে ব্যাখ্যা দিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব না দিলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়, তদন্ত কার্যক্রমের অংশ হিসেবে হাসপাতালের ব্যবস্থাপনা, চিকিৎসা সেবা ও আইসিইউ ব্যবস্থার সক্ষমতা খতিয়ে দেখা হয়। প্রাথমিক পর্যবেক্ষণে সেবার মান ও দায়িত্ব পালনে গুরুতর ঘাটতির ইঙ্গিত পাওয়া যায়।
এ বিষয়ে এর আগে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছিলেন, শোকজ নোটিশের সন্তোষজনক জবাব না পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে এবং কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।
লাইসেন্স বাতিলের সিদ্ধান্তকে কেন্দ্র করে স্বাস্থ্য খাতে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, জনস্বাস্থ্য ও রোগীর নিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের কঠোর পদক্ষেপ অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :