
অন্যের স্ত্রীকে প্রলুব্ধ করে নিয়ে যাওয়া, তালাক ছাড়া বিয়ে, ব্যভিচার ও মানহানির অভিযোগে করা মামলায় ক্রিকেটার নাসির হোসেন ও তার স্ত্রী তামিমা সুলতানা তাম্মিকে খালাস দিয়েছেন আদালত।
বুধবার (১০ জুন) বেলা সাড়ে ১২টায় ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম এ রায় ঘোষণা করেন। এর আগে সকাল ১১টা ৪৭ মিনিটের দিকে তামিমার হাত ধরে আদালতের এজলাসে উপস্থিত হন নাসির হোসেন। রায় ঘোষণার সময় আদালত প্রাঙ্গণে উৎসুক মানুষের ভিড় দেখা যায়।
মামলার অভিযোগ অনুযায়ী, ২০২১ সালের ১৪ ফেব্রুয়ারি তামিমা সুলতানা তাম্মি ও ক্রিকেটার নাসির হোসেনের বিয়ের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি আলোচনায় আসে। পরে তামিমার সাবেক স্বামী রাকিব হাসান দাবি করেন, বৈবাহিক সম্পর্ক আইনগতভাবে শেষ না হওয়া অবস্থায় এ বিয়ে সম্পন্ন হয়েছে।
২০২১ সালের ২৪ ফেব্রুয়ারি রাকিব হাসান ঢাকার আদালতে মামলাটি দায়ের করেন। অভিযোগে বলা হয়, নাসির হোসেন তামিমাকে প্রলুব্ধ করে নিয়ে গেছেন এবং আগের বিবাহ বহাল থাকা অবস্থায় তাদের বিয়ে সম্পন্ন হয়, যা ধর্মীয় ও রাষ্ট্রীয় আইনে অবৈধ। মামলায় আরও দাবি করা হয়, এ ঘটনায় বাদী ও তার আট বছরের কন্যা মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং সামাজিকভাবে তার মানহানি হয়েছে।
দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় ১০ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত রায় ঘোষণা করেন। আদালত অভিযোগের যথাযথ প্রমাণ না পাওয়ায় নাসির হোসেন ও তামিমা সুলতানাকে খালাস দেন। রায় ঘোষণার পর মামলাটি আনুষ্ঠানিকভাবে নিষ্পত্তি হলো বলে জানা গেছে।
আপনার মতামত লিখুন :