
চট্টগ্রামের পটিয়া উপজেলায় র্যাবের বিশেষ অভিযানে একটি কাভার্ড পিকআপ থেকে ৯ হাজার ৬৯০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মাদক পরিবহনের অভিযোগে দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। একই সঙ্গে ইয়াবা বহনে ব্যবহৃত পিকআপ ভ্যানটিও জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ২৯ লাখ ৭ হাজার টাকা বলে জানিয়েছে র্যাব।
সোমবার (৯ জুন ২০২৬) দুপুরে পটিয়া থানার শান্তিরহাট বাজার এলাকায় অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে অভিযানটি পরিচালনা করে র্যাব-৭।
আটক ব্যক্তিরা হলেন, চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বড় হাতিয়া কুমিরাঘোনা এলাকার জসিম উদ্দিনের ছেলে ও পিকআপ চালক মো. ছায়েদ (১৯) এবং কক্সবাজারের চকরিয়া উপজেলার রিংভং সদস্যঘাটা এলাকার ফারুকের ছেলে ও পিকআপ হেলপার মো. সাজ্জাদ (১৬)।
র্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার এ. আর. এম. মোজাফ্ফর হোসেন জানান, গোপন তথ্যের ভিত্তিতে তারা জানতে পারেন, কক্সবাজার থেকে একটি চক্র পিকআপে করে বিপুল পরিমাণ ইয়াবা চট্টগ্রাম নগরীর দিকে নিয়ে আসছে। এমন তথ্যের পরিপ্রেক্ষিতে শান্তিরহাট এলাকায় বিশেষ চেকপোস্ট স্থাপন করা হয়।
দুপুর প্রায় ১২টা ১০ মিনিটে সন্দেহভাজন পিকআপটি চেকপোস্টে পৌঁছালে র্যাব সদস্যরা সেটি থামিয়ে চালক ও হেলপারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেন। পরে গাড়িতে তল্লাশি চালিয়ে চালকের আসনের পেছনে বডির ভেতরে বিশেষভাবে লুকিয়ে রাখা কালো স্কচটেপে মোড়ানো ৯ হাজার ৬৯০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
র্যাব জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত ইয়াবা ও জব্দকৃত পিকআপসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের কার্যক্রম চলছে।
আপনার মতামত লিখুন :