জাতিসংঘ শান্তিরক্ষী দিবস পালিত হচ্ছে আজ


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুন ১০, ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ণ
জাতিসংঘ শান্তিরক্ষী দিবস পালিত হচ্ছে আজ

যথাযোগ্য মর্যাদা ও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আজ (বুধবার) দেশে পালিত হচ্ছে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস। প্রতিবছর ২৯ মে দিবসটি উদযাপিত হলেও পবিত্র ঈদুল আজহার ছুটির কারণে এবার বাংলাদেশে ১০ জুন দিবসটি পালন করা হচ্ছে।

দিবসটি উপলক্ষে রাজধানীর ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সকাল সাড়ে ৯টায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে জাতিসংঘ শান্তি রক্ষা মিশনে কর্মরত অবস্থায় শাহাদাতবরণকারী বাংলাদেশি শান্তিরক্ষীদের পরিবারের সদস্যদের সম্মাননা প্রদান করা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষে মঙ্গলবার দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী বলেন, বিশ্বশান্তি, স্থিতিশীলতা ও মানবিক নিরাপত্তা নিশ্চিত করতে জাতিসংঘের শান্তি রক্ষা কার্যক্রম একটি অনন্য উদ্যোগ। তিনি বিশ্বের সব শান্তিরক্ষীর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, সংঘাত, সহিংসতা ও মানবিক সংকটে ক্ষতিগ্রস্ত অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় শান্তিরক্ষীরা সাহস, ধৈর্য ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে চলেছেন।

বিশ্বশান্তি প্রতিষ্ঠার মহান দায়িত্ব পালন করতে গিয়ে আত্মত্যাগকারী শান্তিরক্ষীদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, তাদের এই আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। একই সঙ্গে তিনি আহত ও ক্ষতিগ্রস্ত শান্তিরক্ষী এবং তাদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

জাতিসংঘ শান্তি রক্ষা কার্যক্রমে বাংলাদেশের অবদান বিশ্বব্যাপী স্বীকৃত। সর্বাধিক শান্তিরক্ষী প্রেরণকারী দেশগুলোর মধ্যে বাংলাদেশ দীর্ঘদিন ধরে শীর্ষস্থানীয় অবস্থান ধরে রেখেছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী, ২০২০ সালের জুলাই থেকে ২০২৩ সালের অক্টোবর পর্যন্ত বাংলাদেশ এ ক্ষেত্রে বিশ্বের প্রথম স্থানে ছিল।

আইএসপিআরের তথ্য অনুযায়ী, ১৯৮৮ সালে ইরাক-ইরান সীমান্তে সামরিক পর্যবেক্ষক পাঠানোর মাধ্যমে জাতিসংঘ শান্তি রক্ষা মিশনে বাংলাদেশের যাত্রা শুরু হয়। এ পর্যন্ত বাংলাদেশের শান্তিরক্ষীরা বিশ্বের ৪৩টি দেশ ও স্থানে ৬৩টি মিশনে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। এসব মিশনে মোট দুই লাখ ছয় হাজার ৪৭৬ জন শান্তিরক্ষী অংশ নিয়েছেন, যার মধ্যে নারী শান্তিরক্ষী রয়েছেন তিন হাজার ৬৪৫ জন। বর্তমানে জাতিসংঘের ৯টি শান্তি রক্ষা মিশনে বাংলাদেশের চার হাজার ৪১২ জন শান্তিরক্ষী কর্মরত রয়েছেন।

শুরু থেকে এ পর্যন্ত জাতিসংঘ শান্তি রক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বাংলাদেশের ১৭৫ জন শান্তিরক্ষী জীবন উৎসর্গ করেছেন এবং আহত হয়েছেন ২৮৭ জন। তাঁদের আত্মত্যাগ ও অবদান বিশ্বশান্তি প্রতিষ্ঠার ইতিহাসে উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।