
দেশের বাজারে আবারও সোনার দাম কমানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম ৬ হাজার ৫৯১ টাকা কমিয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২২ হাজার ৭৮২ টাকা। একই সঙ্গে কমানো হয়েছে রুপার দামও।
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবী সোনা বা পাকা সোনার দাম কমে যাওয়ায় নতুন এই মূল্য নির্ধারণ করা হয়েছে। বুধবার (১০ জুন) সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে।
বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নতুন দামের তথ্য প্রকাশ করা হয়।
নতুন মূল্য অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৬ হাজার ২৯৮ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১২ হাজার ৬৩৫ টাকা। ১৮ ক্যারেটের সোনার দাম ৫ হাজার ৪২৪ টাকা কমিয়ে ১ লাখ ৮২ হাজার ২৫০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ৪ হাজার ৪৩৩ টাকা কমিয়ে ১ লাখ ৪৮ হাজার ৪২৪ টাকা নির্ধারণ করা হয়েছে।
এর আগে গত ২ জুন এবং ৬ জুনও সোনার দাম কমানো হয়েছিল। ২ জুন ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা এবং ৬ জুন ৫ হাজার ৪৮১ টাকা কমানো হয়। সব মিলিয়ে চলতি মাসে তিন দফায় সবচেয়ে ভালো মানের সোনার দাম ভরিতে মোট ১৫ হাজার ৩৩৯ টাকা কমেছে।
সোনার পাশাপাশি রুপার দামও কমিয়েছে বাজুস। নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৩৫০ টাকা কমিয়ে ৪ হাজার ৮৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে। ২১ ক্যারেটের রুপার দাম ২৯১ টাকা কমিয়ে ৪ হাজার ৬৬৬ টাকা, ১৮ ক্যারেটের রুপার দাম ২৩৩ টাকা কমিয়ে ৪ হাজার ২৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ১৭৫ টাকা কমিয়ে ৩ হাজার ৩৩ টাকা নির্ধারণ করা হয়েছে।
সংশ্লিষ্টরা বলছেন, আন্তর্জাতিক বাজার ও স্থানীয় পর্যায়ে কাঁচা সোনার দামের ওঠানামার প্রভাবেই দেশের বাজারে সোনা ও রুপার নতুন মূল্য নির্ধারণ করা হয়ে থাকে। সাম্প্রতিক সময়ে ধারাবাহিক মূল্যহ্রাসে ক্রেতাদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরে আসতে পারে বলে মনে করছেন ব্যবসায়ীরা।
আপনার মতামত লিখুন :