সেনাকুঞ্জে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুন ১০, ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ণ
সেনাকুঞ্জে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষে রাজধানীর সেনাকুঞ্জে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১০ জুন) সকাল ১০টার দিকে তিনি অনুষ্ঠানে উপস্থিত হন।

অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেন, জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে নারীদের অংশগ্রহণ ও নেতৃত্ব বৃদ্ধিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ। তিনি বলেন, শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী ও পুলিশ বাহিনীর সদস্যরা দীর্ঘদিন ধরে দক্ষতা, পেশাদারিত্ব এবং নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের শান্তিরক্ষীদের আত্মত্যাগ ও অবদান আন্তর্জাতিক পরিমণ্ডলে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

প্রতিমন্ত্রী আরও বলেন, সংঘাতপূর্ণ ও মানবিক সংকটময় অঞ্চলে শান্তি, স্থিতিশীলতা এবং মানবিক নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশি শান্তিরক্ষীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছেন। তাদের সাহসিকতা ও পেশাগত দক্ষতা দেশের জন্য গৌরব বয়ে আনছে।

অনুষ্ঠানে বক্তব্য দেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি বলেন, বিশ্ব শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে বাংলাদেশ আজ একটি প্রতিষ্ঠিত ও বিশ্বস্ত নাম হিসেবে পরিচিত। বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে চার হাজারের বেশি বাংলাদেশি শান্তিরক্ষী দায়িত্ব পালন করছেন। তারা নিরপেক্ষতা, দক্ষতা ও পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্ব পালন করে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করছেন।

সেনাপ্রধান জানান, জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে অংশগ্রহণের শুরু থেকে এ পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী ও পুলিশ বাহিনীর মোট ১৭৫ জন সদস্য দায়িত্ব পালনকালে শহীদ হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও ২৮৭ জন। তিনি শহীদ শান্তিরক্ষীদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, তাদের আত্মত্যাগ জাতির জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

অনুষ্ঠানে শান্তিরক্ষা মিশনে কর্মরত অবস্থায় শহীদ হওয়া বাংলাদেশি শান্তিরক্ষীদের পরিবারের সদস্যদের সম্মাননা প্রদান করা হয়। এ সময় সশস্ত্র বাহিনী, পুলিশ, সরকারি বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।