সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে অস্ত্র-গুলিসহ বনদস্যু বাহিনীর ৩ সদস্য আটক


সাতক্ষীরা জেলা প্রতিনিধি, রমজান আলী প্রকাশের সময় : জুন ১০, ২০২৬, ৭:২৮ অপরাহ্ণ
সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে অস্ত্র-গুলিসহ বনদস্যু বাহিনীর ৩ সদস্য আটক

সাতক্ষীরা রেঞ্জের সুন্দরবনে বিশেষ অভিযান চালিয়ে অস্ত্র ও গোলাবারুদসহ কুখ্যাত বনদস্যু জোনাব বাহিনীর তিন সক্রিয় সদস্যকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। বুধবার বিকেল সাড়ে ৪টায় কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার সন্ধ্যায় শ্যামনগর উপজেলার সুন্দরবনের কালিঞ্চি সুইচগেইট সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড। এ সময় জোনাব বাহিনীর তিন সদস্যকে আটক করা হয়। আটককৃতরা হলেন আজিবার গাজী (৪৭), রবিউল গাজী (৪৪) ও ফারুক হোসেন (৩৬)। তারা সবাই শ্যামনগর থানার বাসিন্দা।

কোস্ট গার্ড জানায়, সুন্দরবন অঞ্চলে সক্রিয় বনদস্যুদের নির্মূল করতে সরকারের নির্দেশনায় “অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন” এবং “অপারেশন ম্যানগ্রোভ শিল্ড” নামে বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। এরই অংশ হিসেবে গোপন তথ্যের ভিত্তিতে কৈখালী কোস্ট গার্ড স্টেশনের তত্ত্বাবধানে এ অভিযান চালানো হয়।

আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে রাত ১১টার দিকে সুন্দরবনের হরিণটানা খাল সংলগ্ন এলাকায় আরেকটি তল্লাশি অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি একনলা বন্দুক ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদসহ আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।