সাতক্ষীরায় কাশিপুর বহুমুখী বিদ্যালয়ে সাইবার নিরাপত্তা সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত


সাতক্ষীরা ক্রাইম রিপোর্টার, আব্দুর রশিদ প্রকাশের সময় : জুন ১০, ২০২৬, ৫:০৫ অপরাহ্ণ
সাতক্ষীরায় কাশিপুর বহুমুখী বিদ্যালয়ে সাইবার নিরাপত্তা সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

প্রযুক্তিনির্ভর এই যুগে শিক্ষার্থীদের নিরাপদ ডিজিটাল পরিবেশ নিশ্চিত করা জন্য সাতক্ষীরায় এক বিশেষ সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ জুন) কাশিপুর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে ‘সাতক্ষীরা সাইবার ক্রাইম এলার্ট টিম’-এর উদ্যোগে সেমিনারের আয়োজন করা হয়।

সেমিনারের মূল উদ্দেশ্য ছিল তথ্যপ্রযুক্তির অপব্যবহার রোধ এবং শিক্ষার্থীদের ভার্চুয়াল জগতে সুরক্ষা নিশ্চিত করা। এতে সাইবার নিরাপত্তা, অনলাইন ব্ল্যাকমেইল, সাইবার বুলিং, আইডি হ্যাকিং, ডিজিটাল প্রতারণা, অনলাইন জুয়া এবং ব্যক্তিগত তথ্য সুরক্ষা বিষয়ে শিক্ষার্থীদের সচেতন করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাশিপুর বহুমুখী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আজিজুর রহমান। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “শুধু প্রযুক্তি শিক্ষায় দক্ষ হওয়া যথেষ্ট নয়, প্রতিটি শিক্ষার্থীর জন্য সাইবার সচেতনতা অর্জন অপরিহার্য। সচেতনতা ও সতর্কতা শিক্ষার্থীদের সাইবার অপরাধ থেকে রক্ষা করতে পারে।” তিনি জেলা জুড়ে এই ধরনের উদ্যোগ সম্প্রসারণের আহ্বান জানান।

সেমিনারে সাইবার জগতের ঝুঁকি, আইনি প্রতিকার এবং নিরাপত্তা নিশ্চিত করার উপায় নিয়ে তথ্যবহুল আলোচনা করেন অতিথিরা। উপস্থিত ছিলেন— সাতক্ষীরা সাইবার ক্রাইম এলার্ট টিমের পরিচালক শেখ মাহবুবুল হক, উইমেন্স সাপোর্টের তাহিরা সুলতানা মিম, অনলাইন ও সাইবার এক্সপার্ট পল্লব ব্যানার্জী এবং টিমের সদস্য মোঃ তানভীর আহমেদ।

বক্তারা শিক্ষার্থীদের পরামর্শ দেন গোপনীয়তা বজায় রাখা, অপরিচিতের ফ্রেন্ড রিকোয়েস্ট এড়ানো, অজানা লিঙ্কে ক্লিক না করা এবং প্রলোভনজনক অফার এড়াতে। সাইবার অপরাধে আক্রান্ত হলে কীভাবে দ্রুত আইনগত ও বিশেষজ্ঞ সহায়তা নেওয়া যায় তাও আলোকপাত করা হয়।

সেমিনারের শেষে অনুষ্ঠিত হয় উন্মুক্ত প্রশ্নোত্তর পর্ব, যেখানে শিক্ষার্থীরা অনলাইন জীবনে মুখোমুখি হওয়া সমস্যা, হয়রানি ও নিরাপত্তা সংক্রান্ত প্রশ্ন বিশেষজ্ঞদের সামনে তুলে ধরেন। তারা তাৎক্ষণিকভাবে আইনি ও প্রযুক্তিগত সমাধান এবং প্রয়োজনীয় কৌশল বর্ণনা করেন।

সাতক্ষীরা সাইবার ক্রাইম এলার্ট টিম জানায়, একটি সাইবার সচেতন ও নিরাপদ প্রজন্ম গড়ার লক্ষ্যে জেলাজুড়ে এ ধরনের জনসচেতনমূলক কার্যক্রম ভবিষ্যতেও নিয়মিত চালু থাকবে। সেমিনারের মূল বার্তা ছিল— “সচেতন হোন, নিরাপদ থাকুন — সাইবার অপরাধ প্রতিরোধে সবাই এগিয়ে আসুন।”