
সরকারি বিভিন্ন দপ্তরের শূন্যপদে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১০ জুন) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে তিনি এ কথা বলেন।
কুমিল্লা-৯ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য আবুল কালামের এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরে বহু পদ শূন্য রয়েছে। এসব শূন্যপদ পূরণ করা জরুরি, যাতে জনগণকে আরও দ্রুত ও কার্যকর সেবা দেওয়া যায়। তিনি বলেন, “সরকার অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিষয়টি পর্যালোচনা করছে। যত দ্রুত সম্ভব এসব শূন্যপদে নিয়োগ প্রক্রিয়া শুরু করা হবে, ইনশাআল্লাহ।”
সংসদে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী আরও জানান, সরকারের বিভিন্ন পর্যায়ে প্রায় ৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত রয়েছে। এর মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয় এবং এর অধীনস্থ দপ্তর ও সংস্থাগুলোতে শূন্য পদের বিপরীতে ইতোমধ্যে ২ হাজার ৮৭৯ জন নিয়োগ কার্যক্রম চলমান রয়েছে। তিনি বলেন, রাষ্ট্রের সেবা কার্যক্রমকে গতিশীল করতে জনবল নিয়োগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকার এ বিষয়ে নিয়মিতভাবে পর্যালোচনা করছে।
এদিকে সংসদে সম উন্নয়ন নীতির বিষয়টি তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, সরকার দলীয় হোক বা বিরোধী দলীয়—সব সংসদ সদস্যের এলাকার উন্নয়ন কার্যক্রমে সমান গুরুত্ব দেওয়া হচ্ছে। তিনি উল্লেখ করেন, বিরোধী দলের সদস্যদের এলাকায় উন্নয়ন সহায়তা পৌঁছাতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, “আমরা দেশের সার্বিক উন্নয়নে বিশ্বাস করি। তাই কোনো ভেদাভেদ না করে সবাইকে নিয়ে সমানভাবে উন্নয়ন কার্যক্রম চালানোই সরকারের লক্ষ্য।” সংসদে তার এই বক্তব্যকে সরকারি সেবা সম্প্রসারণ ও প্রশাসনিক কার্যক্রম দ্রুততর করার প্রতিশ্রুতি হিসেবে দেখা হচ্ছে।
আপনার মতামত লিখুন :