লালনের মাজারে সংস্কৃতির নামে অনৈতিক কাজ চলে: আমির হামজা


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুন ১০, ২০২৬, ৯:০৫ অপরাহ্ণ
লালনের মাজারে সংস্কৃতির নামে অনৈতিক কাজ চলে: আমির হামজা

কুষ্টিয়ার লালন সাঁইয়ের মাজার এলাকায় সংস্কৃতির আড়ালে অনৈতিক কর্মকাণ্ড ও মাদকের বিস্তার নিয়ে জাতীয় সংসদে প্রশ্ন তুলেছেন কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য আমির হামজা। বুধবার (১০ জুন) জাতীয় সংসদে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরীর কাছে তিনি জানতে চান, লালন মাজার এলাকায় সংস্কৃতির নামে যেসব অনৈতিক কর্মকাণ্ড ও মাদক ব্যবসার অভিযোগ রয়েছে, সেগুলো বন্ধে সরকারের কোনো বিশেষ উদ্যোগ আছে কি না।

সংসদ সদস্য আমির হামজা বলেন, লালন সাঁইয়ের জন্মবার্ষিকী ও মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রতিবছর প্রশাসনের তত্ত্বাবধানে তিন দিন করে মোট ছয় দিনের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসব আয়োজনকে কেন্দ্র করে মাজার এলাকায় মাদকদ্রব্যের ব্যবহার ও বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ দীর্ঘদিন ধরে রয়েছে। তাই এলাকাটিকে মাদকমুক্ত করতে সরকারের পরিকল্পনা সম্পর্কে জানতে চান তিনি।

জবাবে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেন, শুধু লালন সাঁইয়ের মাজার এলাকাই নয়, বরং সমগ্র বাংলাদেশকে মাদকমুক্ত করার জন্য সরকারের সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার মাদক নির্মূলে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে এবং এ বিষয়ে একটি বৃহৎ কর্মপরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।

মন্ত্রী বলেন, মাদক সমস্যাকে বিচ্ছিন্নভাবে দেখার সুযোগ নেই। এটি দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। সমাজে কর্মসংস্থান ও অর্থনৈতিক কর্মকাণ্ড বৃদ্ধি পেলে মাদকের বিস্তারও কমে আসবে বলে তিনি মত প্রকাশ করেন।

আলোচনার একপর্যায়ে মন্ত্রী দাবি করেন, গত ১৮ বছরে দেশে মাদকের ব্যাপক বিস্তার ঘটেছিল। সে সময়ের অনেক রাজনৈতিক নেতা, মন্ত্রী ও সংসদ সদস্যও মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন বলে তিনি অভিযোগ করেন। পাশাপাশি তিনি বলেন, ওই সময়ে দেশের শিক্ষা, সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্য ক্ষতিগ্রস্ত হয়েছে।

বর্তমান সরকার একটি নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করছে উল্লেখ করে সংস্কৃতিমন্ত্রী বলেন, তরুণ সমাজকে মাদকের অন্ধকার থেকে বের করে এনে উন্নয়ন ও সংস্কৃতির ইতিবাচক ধারায় সম্পৃক্ত করাই সরকারের লক্ষ্য। অর্থনৈতিক অগ্রগতি ও সামাজিক সচেতনতার মাধ্যমে একটি মাদকমুক্ত ও সুস্থ সমাজ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।