
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় নিহত কিশোর রায়হানের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নিহতের মায়ের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল সাড়ে ১২টার দিকে উপজেলার সদর ইউনিয়নের সৈয়দটুলা গ্রামের উত্তরপাড়া এলাকায় স্থানীয় জনসাধারণের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। বিক্ষোভ মিছিলটি উত্তরপাড়া থেকে শুরু হয়ে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় বক্তব্য রাখেন নিহত রায়হানের মা হনুফা বেগম, সালা উদ্দিন, ইসমাইল মিয়া ও মাহফুজ মিয়া। বক্তারা অভিযোগ করেন, কিশোর রায়হান হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। তারা এ ঘটনায় প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেন।
এ বিষয়ে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভূঁইয়া জানান, হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলার একজন আসামিকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলমান রয়েছে।
উল্লেখ্য, গত ২৯ মে রাত আনুমানিক ১২টার দিকে সদর ইউনিয়নের সৈয়দটুলা গ্রামের উত্তরপাড়ায় মাদক কেনাবেচাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই সংঘর্ষে প্রতিপক্ষের হামলায় একই গ্রামের মৃত ছোটন মিয়ার ছেলে রায়হান (১৭) নিহত হয়। এ ঘটনায় ৩১ জনকে আসামি করে সরাইল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
আপনার মতামত লিখুন :