মামলা থেকে খালাস পেয়ে যে পোস্ট দিলেন ক্রিকেটার নাসির 


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুন ১০, ২০২৬, ৫:২৩ অপরাহ্ণ
মামলা থেকে খালাস পেয়ে যে পোস্ট দিলেন ক্রিকেটার নাসির 

ক্রিকেটার নাসির হোসেন ও তার স্ত্রী তামিমা সুলতানা তাম্মিকে ঘিরে আলোচিত বিয়ে-সংক্রান্ত মামলায় উভয় আসামিকে খালাস দিয়েছেন আদালত। রায় ঘোষণার পর বুধবার (১০ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন নাসির হোসেন।

বুধবার (১০ জুন) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় নাসির ও তামিমা উভয়ই আদালতে উপস্থিত ছিলেন।

রায় পাওয়ার পর দুপুর ১টা ৪৪ মিনিটে নিজের ফেসবুক পোস্টে নাসির লেখেন, “আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের হারতে দেন নাই। অবশেষে সত্যের জয় হলো।” তিনি আরও লিখেন, শুরু থেকেই আইনের প্রতি তার আস্থা ছিল এবং সঠিক তথ্য ও প্রমাণের ভিত্তিতে ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য আদালতকে ধন্যবাদ জানান। তিনি আরও বলেন, “সকল প্রকার মিথ্যা অপপ্রচার ও মনগড়া কাহিনি উপেক্ষা করে সত্যকে প্রাধান্য দেওয়ার জন্য আদালতকে ধন্যবাদ।”

উল্লেখ্য, অন্যের স্ত্রীকে প্রলুব্ধ করে নিয়ে যাওয়া, ব্যভিচার ও মানহানির অভিযোগে ২০২১ সালের ২৪ ফেব্রুয়ারি ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন সাবেক স্বামী রাকিব হাসান। রায় ঘোষণার সময় আদালতে উভয় পক্ষের আইনজীবীরা উপস্থিত ছিলেন। আদালতের বেঞ্চ সহকারী আশুতোষ ভৌমিক বিষয়টি নিশ্চিত করেন।

তবে রায়ে সংক্ষুব্ধ হয়েছেন বাদীপক্ষের আইনজীবী ইসরাত হাসান। তিনি জানান, তারা উচ্চ আদালতে আপিল করবেন। তার দাবি, মামলার তদন্তে অভিযোগের কিছু ভিত্তি পাওয়া গিয়েছিল এবং ন্যায়বিচার থেকে বাদী বঞ্চিত হয়েছেন।

রায় ঘোষণার আগে বেলা ১১টা ৪৫ মিনিটের দিকে নাসির-তামিমা আদালতে হাজির হন। পরে রায় শেষে পুলিশি নিরাপত্তায় কিছু সময় হাজতখানায় রাখা হয় তাদের। পরে তারা আদালত প্রাঙ্গণ ত্যাগ করেন। এই রায়ের ফলে দীর্ঘদিন ধরে চলা আলোচিত এ মামলার আইনি অধ্যায় নতুন মোড় পেল বলে মনে করছেন সংশ্লিষ্টরা।