মাদারীপুরে ওয়েজ আর্নার্স ওয়েলফেয়ার বোর্ড ও রেইজ প্রকল্পের কার্যক্রম বিষয়ক সেমিনার অনুষ্ঠিত


(প্রণব কুমার সাহা) মাদারীপুর জেলা প্রতিনিধি প্রকাশের সময় : জুন ১০, ২০২৬, ৯:৩৬ অপরাহ্ণ
মাদারীপুরে ওয়েজ আর্নার্স ওয়েলফেয়ার বোর্ড ও রেইজ প্রকল্পের কার্যক্রম বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

মাদারীপুরে ওয়েজ আর্নার্স ওয়েলফেয়ার বোর্ড ও রেইজ (RAISE) প্রকল্পের কার্যক্রম, সুবিধা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ জুন) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ সেমিনারে সরকারি কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়েজ আর্নার্স ওয়েলফেয়ার বোর্ডের যুগ্ম সচিব (অর্থ ও বাজেট) ড. এ.টি.এম মাহাবুব-উল করিম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদারীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ মর্জিনা আক্তার।

এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) মোছা. জেসমিন আক্তার বানু, অতিরিক্ত জেলা প্রশাসক জুয়েল আহমেদ, সহকারী পুলিশ সুপার বিমল চন্দ্র বর্মনসহ জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, সরকারি দপ্তরের প্রতিনিধি এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তারা।

সেমিনারে বক্তারা বলেন, বিদেশগামী কর্মী ও প্রবাসীদের কল্যাণে ওয়েজ আর্নার্স ওয়েলফেয়ার বোর্ড বিভিন্ন ধরনের সেবা, আর্থিক সহায়তা ও কল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করছে। একই সঙ্গে রেইজ প্রকল্পের মাধ্যমে তরুণদের দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং আত্মকর্মসংস্থানের সুযোগ বাড়াতে নানা উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।

প্রধান অতিথির বক্তব্যে ড. এ.টি.এম মাহাবুব-উল করিম বলেন, নিরাপদ অভিবাসন নিশ্চিত করা এবং আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকার নানা কর্মসূচি বাস্তবায়ন করছে। এসব সেবা ও সুযোগ-সুবিধা সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে সংশ্লিষ্টদের আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ মর্জিনা আক্তার বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন ও টেকসই প্রবৃদ্ধিতে যুবসমাজের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর মাধ্যমে তরুণদের উৎপাদনশীল শক্তিতে রূপান্তর করা সম্ভব। এ লক্ষ্যে সরকারি বিভিন্ন প্রকল্পের সুবিধা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

সেমিনারে ওয়েজ আর্নার্স ওয়েলফেয়ার বোর্ড ও রেইজ প্রকল্পের বিভিন্ন কার্যক্রম, সেবার পরিধি, সুবিধাভোগীদের সুযোগ এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অংশগ্রহণকারীরা এসব কার্যক্রম আরও কার্যকরভাবে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।