মাদারীপুরের রাজৈরে ‘হাতুড়ি বাহিনী’র প্রধান মাজহারুল গ্রেফতার


মাদারীপুর জেলা প্রতিনিধি, প্রণব কুমার সাহা প্রকাশের সময় : জুন ১০, ২০২৬, ৬:৩৮ অপরাহ্ণ
মাদারীপুরের রাজৈরে ‘হাতুড়ি বাহিনী’র প্রধান মাজহারুল গ্রেফতার

মাদারীপুরের রাজৈরে আলোচিত ‘হাতুড়ি বাহিনী’-এর প্রধান মাজহারুল শেখ (৪০)কে পুলিশ ও র‍্যাব গ্রেফতার করেছে। বুধবার (১০ জুন) দুপুরে রাজৈর থানায় এক সংবাদ সম্মেলনে থানার ওসি শেখ আমিনুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন। গ্রেফতারকৃত মাজহারুল উপজেলার পশ্চিম রাজৈর এলাকার নজরুল শেখের ছেলে।

ওসি জানিয়েছেন, মাজহারুল দীর্ঘদিন ধরে এলাকায় ‘হাতুড়ি বাহিনী’ গঠন করে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করছিল। বিভিন্ন সময় সে রাজনৈতিক ছত্রছায়ায় সুবিধা নেওয়ার চেষ্টা করত এবং নিজের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করত।

পুলিশ জানায়, গত ২৬ মে রাজৈর বাজারে সাবেক ইউপি সদস্য জাহাঙ্গীর খানের (৫০) গতি রোধ করে মাজহারুলের নেতৃত্বে একদল সন্ত্রাসী। চাঁদা না পেয়ে তারা হাতুড়ি দিয়ে জাহাঙ্গীরকে গুরুতরভাবে পিটিয়ে আহত করে। হামলার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়।

এই ঘটনায় জাহাঙ্গীরের স্ত্রী ৩১ মে রাজৈর থানায় মামলা (নং-৪৩) করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই ফরিদুজ্জামান ইতিপূর্বে চার আসামিকে গ্রেফতার এবং একটি হাতুড়ি উদ্ধার করেন। প্রধান আসামি মাজহারুল পলাতক থাকলেও, গোপন তথ্যের ভিত্তিতে র‍্যাব-১৪-এর সহায়তায় জামালপুর সদর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তাকে মাদারীপুর আদালতে সোপর্দ করা হয়েছে।

মাজহারুলের বিরুদ্ধে জেলা ও বিভিন্ন থানায় চাঁদাবাজি, ছিনতাই ও হামলার অন্তত ৭টি মামলা রয়েছে।