
মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ায় আন্তর্জাতিক বাজারে আবারও ঊর্ধ্বমুখী হয়েছে জ্বালানি তেলের দাম। ইরানে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার পর বুধবার (১০ জুন) বিশ্ববাজারে অপরিশোধিত তেলের মূল্য প্রায় ১ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স-এর প্রতিবেদনে বলা হয়েছে, ব্রেন্ট ক্রুডের দাম ৮৩ সেন্ট বা ০.৯ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯২.২৯ ডলারে পৌঁছেছে। একই সময়ে মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (WTI) তেল-এর দাম ৬৮ সেন্ট বা ০.৮ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮৮.৯৭ ডলারে দাঁড়িয়েছে।
এর আগে পরিস্থিতি কিছুটা শান্ত থাকায় মঙ্গলবার তেলের বাজারে স্বস্তি দেখা দিয়েছিল। তখন ব্রেন্ট ক্রুডের দাম ১৭ এপ্রিলের পর সর্বনিম্ন এবং ডব্লিউটিআইয়ের দাম ২৯ মে’র পর সর্বনিম্ন পর্যায়ে নেমে যায়।
তবে নতুন করে উত্তেজনা শুরু হয় যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের পর। খবরে বলা হয়, হরমুজ প্রণালির কাশম দ্বীপ এলাকায় হামলা চালায় মার্কিন বাহিনী। এর জবাবে পাল্টা পদক্ষেপ নেয় ইরান। ফলে দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বৃদ্ধি পায়।
বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের এই অস্থির পরিস্থিতি বিশ্ব জ্বালানি সরবরাহে বড় ধরনের অনিশ্চয়তা তৈরি করেছে। বিশেষ করে হরমুজ প্রণালি বিশ্ব তেল পরিবহনের একটি গুরুত্বপূর্ণ পথ হওয়ায় এখানে কোনো ধরনের সংঘাত বৈশ্বিক বাজারে সরাসরি প্রভাব ফেলে।
তারা সতর্ক করে বলছেন, পরিস্থিতি আরও খারাপ হলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম আরও বাড়তে পারে। এতে বৈশ্বিক অর্থনীতি, জ্বালানি আমদানি নির্ভর দেশ এবং ভোক্তা পর্যায়ে চাপ বাড়ার আশঙ্কা রয়েছে।
আপনার মতামত লিখুন :