
বগুড়া জেলা পরিষদের সাবেক প্রশাসক ও চেয়ারম্যান, বগুড়া জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এবং ভাষাসৈনিক ডা. মকবুল হোসেন বুধবার (১০ জুন) দুপুরে মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তার নাতি রেজাউল করিম রয়েল জানিয়েছেন, আজ বাদ এশা নারুলী মধ্যপাড়া রেল লাইন সংলগ্ন মকবুল সাহেবের জানাজা নামাজ অনুষ্ঠিত হবে।
ডা. মকবুল হোসেন বগুড়ার রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের একজন সুপরিচিত ব্যক্তি ছিলেন। ২০১১ থেকে ২০১৬ সাল পর্যন্ত তিনি জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৭ সালে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হন। এরপর আবারও প্রশাসকের দায়িত্বে থাকেন এবং পরবর্তীতে পুনরায় জেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হন। ভাষা আন্দোলনে তার অবদানের জন্য তিনি ভাষাসৈনিক হিসেবে খ্যাত ছিলেন।
তার মৃত্যুতে রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন মহল তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
আপনার মতামত লিখুন :