
অবিলম্বে নবম জাতীয় পে-স্কেলের সুপারিশ পূর্ণাঙ্গভাবে বাস্তবায়নের লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের হস্তক্ষেপ কামনা করেছেন বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরামের নেতারা। এ বিষয়ে মঙ্গলবার (৯ জুন) বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদ ও আন্তঃমন্ত্রণালয় কর্মচারী অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একটি যৌথ বিবৃতি দেওয়া হয়।
বিবৃতিতে বলা হয়, ২০১৫ সালে অষ্টম জাতীয় পে-স্কেল কার্যকর হওয়ার পর প্রায় ১১ বছর অতিবাহিত হলেও সরকারি কর্মচারীদের জন্য নতুন কোনো বেতন কাঠামো চালু হয়নি। অষ্টম পে-স্কেলে সব গ্রেডের জন্য বার্ষিক বেতন বৃদ্ধি ৫ শতাংশ নির্ধারণ করা হলেও নিম্ন গ্রেডের কর্মচারীদের জীবনযাত্রার ব্যয় ও অর্থনৈতিক বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে বেতন বৃদ্ধি হয়নি। এছাড়া কোনো কর্মচারী তার বেতন গ্রেডের সর্বোচ্চ ধাপে পৌঁছানোর পর পদোন্নতি না পেলে বেতন বৃদ্ধির আর কোনো সুযোগ থাকে না।
নেতারা বলেন, গত এক দশকের বেশি সময়ে দেশে মূল্যস্ফীতি ৫০ শতাংশেরও বেশি বেড়েছে। খাদ্যপণ্যের দাম প্রায় দ্বিগুণ হয়েছে। পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় খাতে ব্যয় অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে। ফলে নির্দিষ্ট বেতনের সরকারি কর্মচারীরা পরিবার নিয়ে আর্থিক চাপে দিন কাটাচ্ছেন।
বিবৃতিতে উল্লেখ করা হয়, বর্তমানে সরকারি ও আধা-সরকারি প্রতিষ্ঠানে প্রায় ১৯ লাখ ১৯ হাজার ১১১ জন কর্মচারী রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। সরকারি কর্মচারীদের দাবির প্রেক্ষিতে অন্তর্বর্তী সরকার ২০২৫ সালের ২৭ জুলাই নবম জাতীয় বেতন কমিশন গঠন করে। কমিশন বিভিন্ন কর্মচারী সংগঠন ও অংশীজনের সঙ্গে ১৮৪টি সভা এবং ২ হাজার ৫৫২ জনের মতামত গ্রহণের মাধ্যমে চূড়ান্ত সুপারিশ প্রস্তুত করে গত ২১ জানুয়ারি সরকারের কাছে জমা দেয়। কিন্তু এখনো সেই সুপারিশ বাস্তবায়ন না হওয়ায় কর্মচারীদের মধ্যে হতাশা ও ক্ষোভ বাড়ছে।
সম্প্রতি নবম পে-স্কেল বাস্তবায়নের বিরোধিতায় কিছু মন্তব্যেরও সমালোচনা করেন কর্মচারী নেতারা। তারা বলেন, সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি মূল্যস্ফীতি বাড়াবে—এ ধরনের বক্তব্য উদ্দেশ্যপ্রণোদিত ও ভিত্তিহীন।
বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি ম. নূরুল ইসলাম বলেন, বর্তমান সরকার নবম জাতীয় বেতন কমিশনের সুপারিশ বাস্তবায়নে আন্তরিক এবং বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করছে। এ অবস্থায় বিভ্রান্তিকর মন্তব্য কর্মচারীদের মনোবলে নেতিবাচক প্রভাব ফেলছে।
আন্তঃমন্ত্রণালয় কর্মচারী অ্যাসোসিয়েশনের সমন্বয়ক মো. নজরুল ইসলাম বলেন, দীর্ঘদিন নতুন পে-স্কেল না হওয়ায় সরকারি কর্মচারীরা স্বাস্থ্যসেবা, শিক্ষা, বাসস্থান, যাতায়াত ও অন্যান্য মৌলিক চাহিদা পূরণে চরম আর্থিক সংকটে রয়েছেন। তাই দ্রুত নবম পে-স্কেল বাস্তবায়ন সময়ের দাবি।
আপনার মতামত লিখুন :