
পুলিশের অপারেশনাল কার্যক্রম জোরদার করতে ২১২টি ডাবল কেবিন পিকআপ কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ প্রকল্পে মোট ব্যয় ধরা হয়েছে ১৮২ কোটি ৩২ লাখ টাকা।বুধবার (১০ জুন) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
জানা গেছে, ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশ পুলিশের মাঠপর্যায়ের কার্যক্রম আরও গতিশীল করতে সরাসরি ক্রয় পদ্ধতি (ডিপিএম) অনুসরণ করে এসব যানবাহন কেনা হচ্ছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রস্তাব উত্থাপন করে।
অনুমোদিত সিদ্ধান্ত অনুযায়ী, মোট ২১২টি ডাবল কেবিন পিকআপ সরবরাহ করবে প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেড। প্রতিষ্ঠানটির সঙ্গে ১৮২ কোটি ৩২ লাখ টাকায় ক্রয়চুক্তি সম্পাদনের অনুমোদন দেওয়া হয়েছে।
সরকারি সূত্রে জানা গেছে, দেশের বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা, টহল কার্যক্রম, অপরাধ দমন এবং জরুরি অভিযানে পুলিশের সক্ষমতা বাড়ানোর লক্ষ্যেই এই যানবাহন কেনা হচ্ছে। নতুন পিকআপ যুক্ত হলে মাঠপর্যায়ে পুলিশের দ্রুত সাড়া দেওয়া এবং চলাচল আরও সহজ হবে বলে আশা করা হচ্ছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, সাম্প্রতিক সময়ে বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ ও দ্রুত অপারেশন পরিচালনার জন্য আধুনিক যানবাহনের প্রয়োজনীয়তা বেড়েছে। সেই প্রেক্ষাপটেই এই বড় আকারের যানবাহন সংযোজনের উদ্যোগ নেওয়া হয়েছে।
এছাড়া বৈঠকে অন্যান্য উন্নয়ন প্রকল্প ও ক্রয় প্রস্তাব নিয়েও আলোচনা হয় বলে জানা গেছে। তবে পুলিশের যানবাহন সংক্রান্ত এই সিদ্ধান্তকে আইনশৃঙ্খলা বাহিনীর সক্ষমতা বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
আপনার মতামত লিখুন :