
রাজধানীর পল্টনস্থ শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়াম-এ বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে বয়সভিত্তিক পুরুষ আইএএইচএফ (আন্তর্জাতিক হ্যান্ডবল ফেডারেশন) ট্রফি। বেলুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
উদ্বোধনী অনুষ্ঠানে দেশের পাশাপাশি বিভিন্ন দেশের খেলোয়াড়, কোচ ও কর্মকর্তাদের অংশগ্রহণে স্টেডিয়ামটি উৎসবমুখর হয়ে ওঠে। প্রতিটি দলের পতাকা হাতে কোর্টে প্রবেশ করেন অংশগ্রহণকারীরা। এ সময় বিভিন্ন দেশের জাতীয় ও দেশাত্মবোধক গান বাজানো হয়, যা অনুষ্ঠানে আন্তর্জাতিক আবহ সৃষ্টি করে।
উদ্বোধনের পর সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেয় আলিফ স্কোয়াড শিল্পীরা। আয়োজনের মান ও শৃঙ্খলা দেখে সন্তোষ প্রকাশ করেন প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেন, বর্তমান সরকার স্পোর্টস ডিপ্লোমেসির মাধ্যমে আঞ্চলিক ও আন্তর্জাতিক সম্পর্ক আরও জোরদার করতে কাজ করছে। তার মতে, ক্রীড়ার মাধ্যমে পারস্পরিক সহযোগিতা ও সম্পর্ক উন্নয়নের সুযোগ আরও বাড়ানো সম্ভব।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া সচিব মাহবুব উল আলম, বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশন-এর সভাপতি মেজর জেনারেল আবু মোহাম্মদ সারওয়ার ফরিদ, সাধারণ সম্পাদক মো. সালাউদ্দিন আহমেদ এবং পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ মাসুদ ইমাম।
প্রতিযোগিতায় ভারত, নেপাল, ইয়েমেন, মালদ্বীপ, আফগানিস্তান ও স্বাগতিক বাংলাদেশ অংশ নিচ্ছে। অনূর্ধ্ব-২০ বিভাগে দুই গ্রুপে বিভক্ত হয়ে খেলা অনুষ্ঠিত হচ্ছে। ‘এ’ গ্রুপে রয়েছে ভারত, নেপাল ও ইয়েমেন, আর ‘বি’ গ্রুপে খেলছে মালদ্বীপ, আফগানিস্তান ও বাংলাদেশ।
এদিন দুপুরে মালদ্বীপ ও আফগানিস্তানের ম্যাচ দিয়ে প্রতিযোগিতার মাঠের লড়াই শুরু হয়। স্বাগতিক বাংলাদেশের অনূর্ধ্ব-২০ দল সন্ধ্যা ৭টায় আফগানিস্তানের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামে।
অন্যদিকে অনূর্ধ্ব-১৮ বিভাগে রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে খেলা অনুষ্ঠিত হবে। সর্বোচ্চ পয়েন্ট পাওয়া দলকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে। আগামী ১৩ জুন সেমিফাইনাল এবং ১৪ জুন অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ। আয়োজকরা আশা করছেন, এই আন্তর্জাতিক প্রতিযোগিতা দেশের হ্যান্ডবল অঙ্গনে নতুন উদ্দীপনা যোগ করবে এবং তরুণ খেলোয়াড়দের জন্য বড় মঞ্চ তৈরি করবে।
আপনার মতামত লিখুন :