ঢাকায় দুই বাসের চাপায় প্রাণ গেল যুবকের


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুন ১০, ২০২৬, ৭:০১ অপরাহ্ণ
ঢাকায় দুই বাসের চাপায় প্রাণ গেল যুবকের

রাজধানীর চাঁনখারপুল এলাকায় বাসে উঠতে গিয়ে আরেকটি বাসের চাপায় জয়দেব (৪০) নামের এক যুবক নিহত হয়েছেন। বুধবার (১০ জুন) বিকেল ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এলাকার সড়কে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসকরা বিকেল সাড়ে ৪টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

নিহতকে হাসপাতালে নিয়ে যাওয়া মো. মুছা গাজী জানান, জয়দেব ঢাকা মেডিকেলের নতুন ভবন ও চাঁনখারপুল এলাকার মাঝামাঝি সড়কে নারায়ণগঞ্জগামী মৌমিতা পরিবহনের একটি বাসে উঠছিলেন। এ সময় ঠিকানা পরিবহনের একটি বাস দ্রুতগতিতে ওভারটেকিং করার সময় তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতরভাবে আহত হন। পরে দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হলেও চিকিৎসক মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর স্থানীয়রা দুটি বাসই আটক করে রাখে।

নিহতের সহকর্মী মিজানুর রহমান জানান, জয়দেব ও তিনি ‘রয়েল ল্যাবরেটরিজ’ নামের একটি ওষুধ কোম্পানির ডিস্ট্রিবিউটর হিসেবে কাজ করতেন। সকালে তারা শাহবাগ এলাকায় পেশাগত কাজে ছিলেন। জয়দেবের বাসা যাত্রাবাড়ী এলাকায়। বিকেলে তার বাসায় ফেরার কথা ছিল। তবে ফেরার আগেই সড়ক দুর্ঘটনায় পড়ার খবর পান তিনি। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে মরদেহ শনাক্ত করেন মিজানুর রহমান। জয়দেবের গ্রামের বাড়ি বরিশাল জেলায়।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য বিষয়টি শাহবাগ থানাকে জানানো হয়েছে।

পুলিশ আরও জানিয়েছে, দুর্ঘটনার সঙ্গে জড়িত দুটি বাস স্থানীয়রা আটক করে রেখেছে। ঘটনার কারণ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দ্রুতগতিতে ওভারটেকিংয়ের সময় অসাবধানতার কারণেই এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে।