
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের নবনির্বাচিত কেন্দ্রীয় নির্বাহী কমিটির নেতাদের অভিনন্দন জানিয়ে টাঙ্গাইলের কালিহাতীতে এক বর্ণাঢ্য আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। নবগঠিত কমিটিতে আব্দুল মোনায়েম মুন্না সভাপতি, নুরুল ইসলাম নয়ন এমপি সাধারণ সম্পাদক এবং কালিহাতীর কৃতি সন্তান মো. মাহবুবুর রহমান মাহী সহ-গ্রাম সরকার বিষয়ক সম্পাদক হিসেবে নির্বাচিত হওয়ায় উপজেলা যুবদলের উদ্যোগে এই আনন্দ অনুষ্ঠান আয়োজন করা হয়।
বুধবার বিকেলে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আনন্দ মিছিলটি গুরুত্বপূর্ণ স্থানের মধ্যে দিয়ে শেষ হয়। মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা নবনির্বাচিত কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি শুভেচ্ছা ও সমর্থন জানান। স্লোগান, শ্লোগান ও উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।
মিছিলে উপস্থিত ছিলেন কালিহাতী উপজেলা যুবদলের আহ্বায়ক আনোয়ার হোসেন মোল্লা, ভারপ্রাপ্ত সদস্য সচিব হাসমত আলী রেজা, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক, সাবেক যুগ্ম আহ্বায়ক ফিরোজ মিয়া, যুগ্ম আহ্বায়ক লুৎফর রহমান লেলিন, সালমান ফারিসি টিটু, খন্দকার ইকবাল, আসিফুর রহমান মিথুনসহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন যুবদলের নেতাকর্মীরা।
সভায় বক্তারা বলেন, নবগঠিত কেন্দ্রীয় কমিটি যুবদলকে আরও গতিশীল, সুসংগঠিত ও শক্তিশালী নেতৃত্বের মাধ্যমে এগিয়ে নিয়ে যাবে। তারা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের হাত ধরে সংগঠন তৃণমূল পর্যায়ে আরও সক্রিয় হবে এবং দেশের গণতান্ত্রিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
বক্তারা আরও বলেন, কালিহাতীর সন্তান মো. মাহবুবুর রহমান মাহীর কেন্দ্রীয় কমিটিতে অন্তর্ভুক্তি স্থানীয় নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা ও অনুপ্রেরণা সৃষ্টি করেছে। তার এই অর্জনে পুরো কালিহাতী গর্বিত।
মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং নবনির্বাচিত কেন্দ্রীয় নেতৃবৃন্দের সফলতা কামনা করেন। অনুষ্ঠান শেষে ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে দলের সাংগঠনিক অগ্রগতি, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং জাতীয় সমৃদ্ধি কামনা করা হয়।
আপনার মতামত লিখুন :