
দেশের বৃহত্তম বেসরকারি ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিতে পর্যবেক্ষক নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকটির সার্বিক কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ এবং সুশাসন ও স্বচ্ছতা নিশ্চিত করার লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বুধবার (১০ জুন) কেন্দ্রীয় ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ধারা ৪৯(১)(ঘ)(আ) অনুযায়ী প্রদত্ত ক্ষমতাবলে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. আশরাফুল আলমকে ইসলামী ব্যাংকের পর্যবেক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্যাংকটির সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ, আমানতকারীদের স্বার্থ সংরক্ষণ এবং বৃহত্তর জনস্বার্থ নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি ব্যাংকের অভ্যন্তরীণ শৃঙ্খলা ও কার্যক্রমের স্বচ্ছতা জোরদার করাও এর অন্যতম উদ্দেশ্য।
নতুন নিয়োগপ্রাপ্ত পর্যবেক্ষক মো. আশরাফুল আলম ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সভাসহ সংশ্লিষ্ট সব গুরুত্বপূর্ণ কার্যক্রমে অংশ নেবেন। তিনি নিয়মিতভাবে ব্যাংকের কার্যক্রম সম্পর্কে বাংলাদেশ ব্যাংককে প্রয়োজনীয় তথ্য ও পর্যবেক্ষণ প্রতিবেদন প্রদান করবেন।
বাংলাদেশ ব্যাংক আরও জানিয়েছে, দেশের ব্যাংকিং খাতের স্থিতিশীলতা বজায় রাখা, সুশাসন প্রতিষ্ঠা, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে কেন্দ্রীয় ব্যাংক সবসময় সচেষ্ট রয়েছে। ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগের মাধ্যমে ব্যাংকটির কার্যক্রম আরও সুশৃঙ্খল ও আস্থাশীল হবে বলে আশা প্রকাশ করা হয়েছে।
অর্থনৈতিক খাতে গুরুত্বপূর্ণ অবস্থান থাকা ইসলামী ব্যাংকে কেন্দ্রীয় ব্যাংকের এ পদক্ষেপকে বাজার বিশ্লেষকরা খাতের নিয়ন্ত্রণ ও তদারকি জোরদারের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে দেখছেন।
আপনার মতামত লিখুন :