ইতালি পাঠানোর কথা বলে তুলে দেওয়া হয় শ্রীলঙ্কার মাফিয়াদের হাতে


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুন ৯, ২০২৬, ৬:৪১ অপরাহ্ণ
ইতালি পাঠানোর কথা বলে তুলে দেওয়া হয় শ্রীলঙ্কার মাফিয়াদের হাতে

কর্মসংস্থানের সুযোগ দেখিয়ে উন্নত দেশে পাঠানোর প্রলোভনে ফেলে কোটি টাকারও বেশি অর্থ আত্মসাতের অভিযোগে একটি প্রতারক চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

মঙ্গলবার (৯ জুন) রাজধানীর মিরপুরে র‍্যাব-৪ ব্যাটালিয়ন সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব-৪ এর সদর কোম্পানি কমান্ডার মেজর শেখ আরমান হোসাইন হৃদয়।

গ্রেপ্তাররা হলেন—শেখ মো. সাদী (৪১), মো. নাহিন (২৫) ও জাহাঙ্গীর আলম (২৪)। তাদের রাজধানীর উত্তরা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। র‍্যাব জানায়, চক্রটি ক্রোয়েশিয়া, সার্বিয়া, পর্তুগাল, ইতালি, নিউজিল্যান্ডসহ বিভিন্ন ইউরোপীয় দেশে কর্মসংস্থান ও স্টুডেন্ট ভিসার নামে ভুয়া আশ্বাস দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে বিপুল অর্থ হাতিয়ে নিত।

ভুক্তভোগী রমজান হোসেন খান ও তার শ্যালক প্রথমে ইউরোপে চাকরির সুযোগের খোঁজে চক্রটির সঙ্গে যোগাযোগ করেন। পরে জনপ্রতি প্রায় ১৪ লাখ টাকার বিনিময়ে ইতালি পাঠানোর চুক্তি হয়। ভুক্তভোগীরা বিভিন্ন সময় চক্রটিকে মোট ৩১ লাখ ৫০ হাজার টাকা পরিশোধ করেন।

কিন্তু দীর্ঘ সময় পার হলেও তাদের কোনো বৈধ ভিসা বা বিদেশ যাত্রা নিশ্চিত করা হয়নি। একপর্যায়ে ক্রোয়েশিয়া, পর্তুগাল ও পরে নিউজিল্যান্ডের ভুয়া ভিসা দেখানো হয় বলে অভিযোগ রয়েছে। পরে তাদের সার্বিয়া হয়ে ইতালি পাঠানোর কথা বলে শ্রীলঙ্কায় নেওয়া হয় এবং সেখানে একটি অপরাধচক্রের কাছে হস্তান্তর করা হয়। ভুক্তভোগীরা কৌশলে শ্রীলঙ্কা থেকে ফিরে আসতে সক্ষম হন এবং দেশে ফিরে আইনের আশ্রয় নেন। এরপর উত্তরা পশ্চিম থানায় মামলা দায়ের করা হয়।

র‍্যাব আরও জানায়, অভিযুক্তরা ‘জাহরা সাদী টিকেটিং অ্যান্ড ট্রাভেলিং’ ও ‘জেএস এডুকেশন অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিস’ নামে প্রতিষ্ঠান ব্যবহার করে এই প্রতারণা চালাত।জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে বিদেশে চাকরি ও ভিসা দেওয়ার নামে প্রতারণার মাধ্যমে বহু মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার কথা স্বীকার করেছে বলে জানায় র‍্যাব।গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।