৩ হাজার ৮৯১ কোটি টাকা ব্যয়ে একনেকে ১০ প্রকল্পের অনুমোদন


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুন ৯, ২০২৬, ৬:০৫ অপরাহ্ণ
৩ হাজার ৮৯১ কোটি টাকা ব্যয়ে একনেকে ১০ প্রকল্পের অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রায় ৩ হাজার ৮৯১ কোটি টাকা ব্যয়ে ১০টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (৯ জুন) সচিবালয়ে অনুষ্ঠিত একনেক সভায় এসব প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। সভায় মোট ১০টি প্রকল্পের মধ্যে ৫টি নতুন, ৩টি সংশোধিত এবং ২টি মেয়াদ বৃদ্ধি করা প্রকল্প রয়েছে।

অনুমোদিত প্রকল্পগুলোর মোট ব্যয় ধরা হয়েছে ৩ হাজার ৮৯০ কোটি ৯৭ লাখ টাকা। এর মধ্যে সরকারি তহবিল থেকে ব্যয় হবে ৩ হাজার ৮১০ কোটি ৬২ লাখ টাকা এবং সংশ্লিষ্ট সংস্থার নিজস্ব অর্থায়ন থেকে ব্যয় হবে ৮০ কোটি ৩৫ লাখ টাকা।

সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমান। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে সবচেয়ে বড় প্রকল্পটি হলো চট্টগ্রামের আনোয়ারা থেকে কক্সবাজারের ঈদমনি পর্যন্ত আঞ্চলিক মহাসড়ক উন্নয়ন প্রকল্প। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের আওতায় এই প্রকল্পের মাধ্যমে আনোয়ারা-বাঁশখালী-টইটং-পেকুয়া-বদরখালী-চকরিয়া হয়ে ঈদমনি পর্যন্ত আঞ্চলিক মহাসড়ককে মানসম্মত ও প্রশস্ত সড়কে উন্নীত করা হবে।

এছাড়া পানি সম্পদ মন্ত্রণালয়ের আওতায় বরিশাল সেচ প্রকল্পের রক্ষণাবেক্ষণ ও পুনর্বাসন (প্রথম পর্যায়) প্রকল্প অনুমোদন পেয়েছে। ভূমি মন্ত্রণালয়ের অধীনে সমন্বিত উপজেলা ভূমি কমপ্লেক্স নির্মাণ প্রকল্পও অনুমোদিত হয়েছে।

পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের আওতায় ময়মনসিংহ সিটি করপোরেশনের নগর ভবন নির্মাণ প্রকল্প অনুমোদন পেয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনে ৩৩টি জেলার সার্কিট হাউস এবং ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ে লিফট সংযোজন প্রকল্প অনুমোদিত হয়েছে।

স্বাস্থ্য খাতে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট সম্প্রসারণ প্রকল্প (দ্বিতীয় পর্যায়) অনুমোদন পেয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতায় ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে ক্যানসার সেন্টার নির্মাণ (দ্বিতীয় পর্যায়) সংশোধিত প্রকল্প অনুমোদন করা হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে দুটি প্রকল্প অনুমোদিত হয়েছে। এর মধ্যে রয়েছে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাপনা ও তথ্য ব্যবস্থা সহায়তা প্রকল্পের তৃতীয় সংশোধন এবং দেশের ৬৫৩টি মাদ্রাসায় মাল্টিমিডিয়া শ্রেণিকক্ষ স্থাপন প্রকল্পের তৃতীয় সংশোধন। এছাড়া বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অধীনে বিদ্যমান গ্রিড উপকেন্দ্র ও সঞ্চালন লাইনের সক্ষমতা বৃদ্ধির প্রকল্পের প্রথম সংশোধিত প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।একনেক সভায় অনুমোদিত এসব প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে অবকাঠামো উন্নয়ন, সেবা সম্প্রসারণ এবং বিভিন্ন খাতে সক্ষমতা বৃদ্ধির আশা করা হচ্ছে।