২১ বছর পর অস্ট্রেলিয়াকে হারাল বাংলাদেশ


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুন ৯, ২০২৬, ৮:১৭ অপরাহ্ণ
২১ বছর পর অস্ট্রেলিয়াকে হারাল বাংলাদেশ

দীর্ঘ ২১ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে ওয়ানডে ক্রিকেটে আবারও অস্ট্রেলিয়াকে হারিয়েছে বাংলাদেশ। তিন ম্যাচের সিরিজের প্রথম ওয়ানডেতে বৃষ্টি আইনে ৮৬ রানের জয় তুলে নিয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে স্বাগতিকরা।

মঙ্গলবার (৯ জুন) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করে বাংলাদেশ ৮ উইকেটে ২৮৪ রান সংগ্রহ করে। জবাবে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া ৪২.২ ওভারে ৯ উইকেটে ১৯১ রান তুলতেই বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়ে যায়। পরে আর খেলা শুরু না হওয়ায় ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন (ডিএলএস) পদ্ধতিতে জয় পায় বাংলাদেশ।

অস্ট্রেলিয়ার ইনিংসের প্রথম বলেই দারুণ সূচনা এনে দেন তাসকিন আহমেদ। তার দুর্দান্ত ডেলিভারিতে শূন্য রানে বোল্ড হন ওপেনার ম্যাথু শর্ট। পরের ধাক্কা দেন মোস্তাফিজুর রহমান। দ্বিতীয় ওভারে মার্নাস লাবুশেনকে এলবিডব্লিউ করে অস্ট্রেলিয়াকে চাপে ফেলে দেন তিনি।

এরপর জশ ইংলিস ও কুপার কনোলি কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও ১৯ রান করা ইংলিসকে ফিরিয়ে দেন নাহিদ রানা। চার বছর পর দলে ফেরা মোসাদ্দেক হোসেনও বল হাতে সফলতা পান। তিনি ৩৫ রান করা কনোলিকে বোল্ড করে গুরুত্বপূর্ণ জুটি ভাঙেন। অ্যালেক্স ক্যারি ৪৭ রান করে অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ প্রতিরোধ গড়লেও নাহিদ রানার গতির কাছে তিনিও হার মানেন। পরে ম্যাট রেনশ, লিয়াম স্কট, জেভিয়ার বার্টলেট ও ন্যাথান এলিস দ্রুত ফিরলে জয়ের দিকে এগিয়ে যায় বাংলাদেশ।

ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্সের পর ফিল্ডিংয়েও উজ্জ্বল ছিলেন মোসাদ্দেক। ন্যাথান এলিসকে অসাধারণ ক্যাচে ফিরিয়ে দিয়ে তিনি ম্যাচে নিজের অলরাউন্ড নৈপুণ্যের ছাপ রাখেন। এর আগে বাংলাদেশের ইনিংসে শুরুটা ভালো হয়নি। ওপেনার সাইফ হাসান ৫ রান করে ফিরে যান। তবে তানজিদ হাসান তামিম ও নাজমুল হোসেন শান্ত দ্বিতীয় উইকেটে ৯৭ রানের জুটি গড়ে দলকে এগিয়ে নেন।

তানজিদ ৪৪ বলে ৫৪ রানের ঝড়ো ইনিংস খেলেন। তার ইনিংসে ছিল সাতটি চার ও একটি ছক্কা। এরপর লিটন দাস দ্রুত ফিরলেও শান্ত ৮৬ বলে ৬৭ রানের দায়িত্বশীল ইনিংস উপহার দেন। মধ্যভাগে তাওহীদ হৃদয় ৫১ বলে ৩১ রান করেন। তবে দিনের সেরা ব্যাটিংটি আসে মোসাদ্দেক হোসেনের ব্যাট থেকে। চার বছর পর জাতীয় দলে ফিরে ৭০ বলে অপরাজিত ৮৬ রানের অসাধারণ ইনিংস খেলেন তিনি। শেষ দিকে তাসকিন আহমেদের কার্যকর ব্যাটিংয়ে বাংলাদেশের সংগ্রহ পৌঁছে যায় ২৮৪ রানে।

ব্যাট, বল ও ফিল্ডিং—তিন বিভাগেই অবদান রেখে ম্যাচসেরা পারফরম্যান্স উপহার দেন মোসাদ্দেক হোসেন। তার অলরাউন্ড নৈপুণ্যে ভর করেই প্রায় দুই দশকের বেশি সময় পর অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে জয়ের স্বাদ পেল বাংলাদেশ।