স্ত্রীকে তালাক দিয়ে শাশুড়িকে বিয়ে করলেন যুবক


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুন ৯, ২০২৬, ৪:৪৭ অপরাহ্ণ
স্ত্রীকে তালাক দিয়ে শাশুড়িকে বিয়ে করলেন যুবক

ভারতের উত্তর প্রদেশে এক ব্যতিক্রমী বিয়ের ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। স্ত্রীকে তালাক দেওয়ার পর নিজের শাশুড়িকেই বিয়ে করেছেন এক যুবক। ঘটনাটির একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ঘটনাটি উত্তর প্রদেশের কানপুর দেহাত জেলার আকবরপুর এলাকার। জানা গেছে, শ্বশুরবাড়িতে নিয়মিত যাতায়াতের সময় ওই যুবকের সঙ্গে তার শাশুড়ির ঘনিষ্ঠতা তৈরি হয়। একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

পরিবার ও সমাজের নানা সমালোচনার আশঙ্কা থাকলেও তারা নিজেদের সিদ্ধান্তে অটল থাকেন। পরে যুবক তার স্ত্রীকে তালাক দিয়ে শাশুড়ির সঙ্গে আইনগতভাবে বিয়ে সম্পন্ন করেন।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, আদালত প্রাঙ্গণে মালাবদল শেষে নবদম্পতি বিয়ের আইনি কাগজপত্র হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন। এ সময় তারা তাদের সম্পর্ক মেনে নেওয়ার জন্য মানুষের প্রতি আহ্বান জানান।

ঘটনাটি প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ এটিকে ব্যক্তিগত সিদ্ধান্ত বলে মন্তব্য করেছেন, আবার কেউ সম্পর্কের এই পরিবর্তনকে অস্বাভাবিক হিসেবে উল্লেখ করেছেন। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পুলিশি অভিযোগ দায়ের করা হয়নি বলে জানা গেছে।

ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ‘দ্য তত্ত্ব’ নামের একটি অ্যাকাউন্ট থেকে প্রকাশ করা হলে অল্প সময়ের মধ্যেই তা ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। ভিডিওটি ইতোমধ্যে কয়েক লাখবার দেখা হয়েছে এবং এ নিয়ে হাজারো মন্তব্য করেছেন নেটিজেনরা। ঘটনাটি স্থানীয়ভাবে যেমন আলোচনা তৈরি করেছে, তেমনি সামাজিক যোগাযোগমাধ্যমেও এটি ব্যাপক কৌতূহল ও বিতর্কের জন্ম দিয়েছে।